ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্ট নয়—আগামী রোববার (২৬ এপ্রিল) এটি শেষ হতে যাচ্ছে বলে জানা গেছে। ওয়াশিংটন ইতোমধ্যে বিষয়টি ইসরায়েলকে অবহিত করেছে।ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা তেল আবিবকে জানিয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছিলেন, তা খুব শিগগিরই শেষ হচ্ছে। ফলে দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানোর চাপ […]
ছবি: সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্ট নয়—আগামী রোববার (২৬ এপ্রিল) এটি শেষ হতে যাচ্ছে বলে জানা গেছে। ওয়াশিংটন ইতোমধ্যে বিষয়টি ইসরায়েলকে অবহিত করেছে।
ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা তেল আবিবকে জানিয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছিলেন, তা খুব শিগগিরই শেষ হচ্ছে। ফলে দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানোর চাপ বাড়ছে।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, ট্রাম্প প্রশাসন দীর্ঘমেয়াদি আলোচনার পরিবর্তে দ্রুত একটি কার্যকর সমাধান চায়। তবে নির্ধারিত সময়ের মধ্যে বড় ধরনের অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে, পুরো পরিস্থিতি নিয়ে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে কিছুটা বিভ্রান্তিও রয়েছে। তারা অভিযোগ করেছেন, অনেক সিদ্ধান্তই তারা আনুষ্ঠানিকভাবে নয়, বরং গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের বক্তব্যের মাধ্যমে জানতে পারছেন।
এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ইসলামাবাদে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়। বর্তমানে দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার প্রস্তুতি চললেও অনিশ্চয়তা কাটেনি।
বিশেষজ্ঞদের আশঙ্কা, নির্ধারিত সময়সীমার মধ্যে যদি ইরান গ্রহণযোগ্য কোনো প্রস্তাব না দেয়, তাহলে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সামরিক উত্তেজনা সৃষ্টি হতে পারে।