খুলনা নগরে গুলিবিদ্ধ এক যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবারও গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। আহত যুবকের নাম রাজু হাওলাদার (৩৮)। তিনি নগরীর লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় […]
গু’লিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে আবার গু’লি। ছবি: এআই দিয়ে তৈরি
খুলনা নগরে গুলিবিদ্ধ এক যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবারও গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
আহত যুবকের নাম রাজু হাওলাদার (৩৮)। তিনি নগরীর লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সোমবার (৪ মে) রাতে নগরীর কোবা মসজিদ সংলগ্ন এলাকায় রাজু গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে কীভাবে এবং কোথায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।
পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাম্বুলেন্সটি রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে সেটিকে লক্ষ্য করে আবার গুলি চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারেফ হোসেন বলেন, রাজুর গুলিবিদ্ধ হওয়ার সুনির্দিষ্ট স্থান ও সময় এখনও নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালে তাকে পাওয়া যায় এবং তার পেটে গুলির চিহ্ন ছিল। তার বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ঘটনার পেছনের কারণ এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। অ্যাম্বুলেন্সে গুলির বিষয়টি তিনি বিভিন্ন মাধ্যমে শুনেছেন বলে জানান, তবে বিস্তারিত নিশ্চিত করতে পারেননি।
অন্যদিকে কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহম্মেদ জানান, অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে অজ্ঞাত ব্যক্তিরা গুলি চালিয়েছে বলে তারা জানতে পেরেছেন। পরে নিরাপত্তা চাওয়ায় পুলিশি সহায়তা দিয়ে অ্যাম্বুলেন্সটিকে তাদের থানা এলাকা পার করে দেওয়া হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গুলি অ্যাম্বুলেন্সে লেগেছিল কি না, তা তাৎক্ষণিকভাবে যাচাই করা হয়নি। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।