ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত এখন তৃতীয় মাসে প্রবেশ করেছে। যুদ্ধের সামরিক পরিস্থিতির পাশাপাশি এবার বড় বিতর্ক তৈরি হয়েছে এর প্রকৃত অর্থনৈতিক ব্যয় নিয়ে। ওয়াশিংটনে এখন প্রশ্ন উঠছে—এই যুদ্ধের আসল খরচ কি মাত্র ২৫ বিলিয়ন ডলার, নাকি তা কয়েক গুণ বেশি? মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সম্প্রতি প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শুনানিতে দাবি […]
ছবি: সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত এখন তৃতীয় মাসে প্রবেশ করেছে। যুদ্ধের সামরিক পরিস্থিতির পাশাপাশি এবার বড় বিতর্ক তৈরি হয়েছে এর প্রকৃত অর্থনৈতিক ব্যয় নিয়ে। ওয়াশিংটনে এখন প্রশ্ন উঠছে—এই যুদ্ধের আসল খরচ কি মাত্র ২৫ বিলিয়ন ডলার, নাকি তা কয়েক গুণ বেশি?
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সম্প্রতি প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শুনানিতে দাবি করেছে, এখন পর্যন্ত এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ২৫ বিলিয়ন ডলার। পেন্টাগনের ভারপ্রাপ্ত অর্থ নিয়ন্ত্রক জে হার্স্টের ভাষ্য অনুযায়ী, এই অর্থের বড় অংশ ব্যয় হয়েছে গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র, সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং সরাসরি যুদ্ধ পরিচালনায়।
তবে এই হিসাব নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কারণ যুদ্ধ শুরুর প্রথম ছয় দিনেই ব্যয় হয়েছিল প্রায় ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার বলে আগেই জানিয়েছিল মার্কিন প্রশাসন। ফলে এখনকার ২৫ বিলিয়ন ডলারের হিসাবকে অনেকেই অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর বলে মনে করছেন।
ডেমোক্র্যাটিক দলের আইনপ্রণেতা ও অর্থনীতিবিদদের একটি অংশ বলছে, প্রকৃত ক্ষতির পরিমাণ অনেক বেশি। তাঁদের মতে, যুদ্ধের সরাসরি সামরিক ব্যয়ের বাইরে জ্বালানি বাজারে অস্থিরতা, বৈশ্বিক বাণিজ্যে প্রভাব, সামরিক ঘাঁটি পুনর্গঠন, আহত সেনাদের চিকিৎসা, প্রবীণ যোদ্ধাদের দীর্ঘমেয়াদি সেবা এবং অস্ত্রভাণ্ডার পুনরায় পূরণের খরচ যোগ করলে মোট ব্যয় ৬৩ হাজার কোটি ডলার থেকে ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিন্ডা বিলমেসের মতে, এই যুদ্ধের প্রাথমিক ব্যয় প্রতিদিন প্রায় ২ বিলিয়ন ডলার। তিনি বলেন, যুদ্ধ শেষ হলেও এর আর্থিক চাপ বহু বছর ধরে বহন করতে হবে যুক্তরাষ্ট্রকে। বিশেষ করে আহত সেনাদের চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা এবং সামরিক সরঞ্জাম পুনর্নির্মাণে বিপুল অর্থ প্রয়োজন হবে।
যুদ্ধক্ষেত্রে অস্ত্র ব্যবহারের ব্যয়ও নতুন করে আলোচনায় এসেছে। ইরানের তৈরি শাহেদ ড্রোনের প্রতিটির আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার ডলার। অথচ এসব ড্রোন ভূপাতিত করতে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে হচ্ছে প্রায় ৪ মিলিয়ন ডলার মূল্যের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র। ফলে প্রতিরক্ষায় ব্যয়ের চাপ কয়েক গুণ বেড়ে যাচ্ছে।
এদিকে ইরানের পাল্টা হামলায় কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘাঁটির অবকাঠামো মেরামত, নিরাপত্তা জোরদার এবং নতুন প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনে বিপুল অর্থ ব্যয় হচ্ছে।
এই পরিস্থিতির মধ্যেই ট্রাম্প প্রশাসন আগামী অর্থবছরের জন্য ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট চেয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিকে সবচেয়ে বড় সামরিক সম্প্রসারণ পরিকল্পনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। তবে এত বড় সামরিক বাজেটের প্রয়োজনীয়তা নিয়ে কংগ্রেসে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
সমালোচকদের দাবি, দীর্ঘমেয়াদি যুদ্ধ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নতুন চাপ তৈরি করবে এবং সাধারণ নাগরিকদের করের বোঝাও বাড়িয়ে তুলতে পারে। অন্যদিকে প্রশাসনের যুক্তি, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি ধরে রাখতে এবং ইরানের বিরুদ্ধে কৌশলগত চাপ বজায় রাখতে এই ব্যয় অনিবার্য।
আল জাজিরার বিশ্লেষণ