জনসংখ্যা সংকটে আরও গভীরভাবে নিমজ্জিত হচ্ছে জাপান। দেশটির সর্বশেষ জাতীয় আদমশুমারির প্রাথমিক ফলাফলে দেখা গেছে, গত পাঁচ বছরে প্রায় ৩১ লাখ মানুষ কমেছে। এর ফলে জাপানের মোট জনসংখ্যা নেমে এসেছে ১২ কোটি ৩০ লাখের সামান্য বেশি, যা দেশটির ইতিহাসে পাঁচ বছরের ব্যবধানে সবচেয়ে বড় জনসংখ্যা হ্রাসের ঘটনা। জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ২০২৫ সালের জাতীয় আদমশুমারির […]
ছবি: সংগৃহীত
জনসংখ্যা সংকটে আরও গভীরভাবে নিমজ্জিত হচ্ছে জাপান। দেশটির সর্বশেষ জাতীয় আদমশুমারির প্রাথমিক ফলাফলে দেখা গেছে, গত পাঁচ বছরে প্রায় ৩১ লাখ মানুষ কমেছে। এর ফলে জাপানের মোট জনসংখ্যা নেমে এসেছে ১২ কোটি ৩০ লাখের সামান্য বেশি, যা দেশটির ইতিহাসে পাঁচ বছরের ব্যবধানে সবচেয়ে বড় জনসংখ্যা হ্রাসের ঘটনা।
জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ২০২৫ সালের জাতীয় আদমশুমারির প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ করে। তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ অক্টোবর পর্যন্ত দেশটির মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩০ লাখ ৪৯ হাজার ৫২৪ জন। ২০২০ সালের আদমশুমারির তুলনায় জনসংখ্যা কমেছে ৩০ লাখ ৯৬ হাজার ৫৭৫ জন, যা মোট জনসংখ্যার ২ দশমিক ৫ শতাংশ।
উল্লেখ্য, ১৯২০ সাল থেকে জাপানে প্রতি পাঁচ বছর অন্তর জাতীয় আদমশুমারি পরিচালিত হয়ে আসছে। তবে ২০১৫ সালে প্রথমবারের মতো দেশটিতে জনসংখ্যা হ্রাসের রেকর্ড তৈরি হয়। এরপর ২০২০ এবং ২০২৫ সালের শুমারিতেও একই প্রবণতা অব্যাহত থাকায় টানা তৃতীয়বারের মতো জনসংখ্যা কমার চিত্র সামনে এলো।
সর্বশেষ তথ্য অনুযায়ী, জাপানের ৪৭টি প্রিফেকচারের মধ্যে মাত্র দুটি অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। রাজধানী টোকিওতে জনসংখ্যা বেড়েছে ১ লাখ ৯৯ হাজার এবং দক্ষিণাঞ্চলের ওকিনাওয়ায় বেড়েছে প্রায় ১ হাজার জন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই দুই অঞ্চলেও জনসংখ্যা বৃদ্ধির গতি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে গেছে।
অন্যদিকে, দেশের বাকি ৪৫টি প্রিফেকচারেই জনসংখ্যা হ্রাস পেয়েছে। সবচেয়ে বেশি জনসংখ্যা কমেছে হোক্কাইডো অঞ্চলে, যেখানে পাঁচ বছরে ২ লাখ ৩৯ হাজার মানুষ কমেছে। এর পরেই রয়েছে শিজুওকা ও হিয়োগো প্রিফেকচার। শিজুওকায় জনসংখ্যা কমেছে ১ লাখ ৬৪ হাজার এবং হিয়োগোতে কমেছে ১ লাখ ৪১ হাজার।
তবে পরিবার বা গৃহস্থালির সংখ্যার ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে। বর্তমানে জাপানে মোট পরিবারের সংখ্যা ৫ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৫০৭, যা আগের শুমারির তুলনায় প্রায় ১২ লাখ ৯৪ হাজার বেশি। ১৯৭০ সালে তুলনামূলক তথ্য সংগ্রহ শুরু হওয়ার পর এটিই দেশটির ইতিহাসে সর্বোচ্চ পরিবারের সংখ্যা।
তবে একই সময়ে প্রতি পরিবারের সদস্যসংখ্যা কমে গেছে। ২০২০ সালে যেখানে প্রতি পরিবারে গড়ে ২ দশমিক ২৬ জন সদস্য ছিল, বর্তমানে তা নেমে এসেছে ২ দশমিক ১৫ জনে। জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, বয়স্ক মানুষের একা বসবাসের প্রবণতা বৃদ্ধি এবং একক সদস্যের পরিবারের সংখ্যা বাড়ার কারণেই এই পরিবর্তন ঘটছে।
বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন যে, কম জন্মহার, দ্রুত বয়স্ক হয়ে ওঠা জনসংখ্যা এবং তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে ও সন্তান নেওয়ার হার কমে যাওয়ার ফলে জাপান বড় ধরনের জনমিতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এর প্রভাব শ্রমবাজার, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার ওপরও ক্রমশ বাড়ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে আদমশুমারির চূড়ান্ত ও বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে। তখন জনসংখ্যা, বয়সভিত্তিক কাঠামো, পরিবার ব্যবস্থা এবং অভ্যন্তরীণ স্থানান্তরসহ আরও বিস্তৃত তথ্য প্রকাশ করা হবে।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড জাপান