এক অদ্ভুত ও চমকে দেওয়া ঘটনায় সামাজিক মাধ্যমে আবারও ভাইরাল হয়েছে এক যুবকের “ভয়ংকর ৩০ মিনিট”-এর অভিজ্ঞতা। ঘটনাটি এমন—রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ একটি রানি মৌমাছি এসে বসে তার প্যান্টের ওপর। আর এরপরই ঘটে অবিশ্বাস্য কাণ্ড। কয়েক সেকেন্ডের মধ্যেই হাজার হাজার কর্মী মৌমাছি এসে তাকে ঘিরে ফেলে এবং তার পশ্চাৎদেশকেই অস্থায়ী “চাক” হিসেবে বেছে নেয়। […]
ছবি: সংগৃহীত
এক অদ্ভুত ও চমকে দেওয়া ঘটনায় সামাজিক মাধ্যমে আবারও ভাইরাল হয়েছে এক যুবকের “ভয়ংকর ৩০ মিনিট”-এর অভিজ্ঞতা। ঘটনাটি এমন—রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ একটি রানি মৌমাছি এসে বসে তার প্যান্টের ওপর। আর এরপরই ঘটে অবিশ্বাস্য কাণ্ড। কয়েক সেকেন্ডের মধ্যেই হাজার হাজার কর্মী মৌমাছি এসে তাকে ঘিরে ফেলে এবং তার পশ্চাৎদেশকেই অস্থায়ী “চাক” হিসেবে বেছে নেয়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ২৫ বছর বয়সী ভেরেল নামের ওই যুবক গ্যারেজের দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই রানি মৌমাছিটি তার প্যান্টে এসে বসে। সাধারণত রানি মৌমাছির ফেরোমোন বা বিশেষ গন্ধ অনুসরণ করে কর্মী মৌমাছিরা দলবদ্ধভাবে তার চারপাশে জড়ো হয়। এখানেও সেটাই ঘটে। মুহূর্তে অসংখ্য মৌমাছি তার শরীরের একটি অংশে জমাট বাঁধে।
পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, সামান্য নড়াচড়াও বিপজ্জনক হয়ে দাঁড়ায়। কারণ মৌমাছির ঝাঁক উত্তেজিত হলে শত শত হুল ফুটিয়ে মারাত্মক ক্ষতি করতে পারত। এমনকি প্রাণহানির আশঙ্কাও ছিল। কিন্তু ভেরেল অসাধারণ ধৈর্য ও মানসিক দৃঢ়তার পরিচয় দেন। তিনি প্রায় ৩০ মিনিট একদম স্থির দাঁড়িয়ে থাকেন, যাতে মৌমাছিগুলো উত্তেজিত না হয়।
দীর্ঘ সেই আতঙ্কের সময় শেষে আরেক ব্যক্তি খুব সতর্কভাবে রানি মৌমাছিটিকে একটি পাত্রে ধরে ফেলেন। রানি মৌমাছিকে সরিয়ে নেওয়ার পরপরই পুরো ঝাঁক ছত্রভঙ্গ হয়ে যায়। ফলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান ওই যুবক।
ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আবার শেয়ার হওয়ার পর নতুন করে ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকেই মন্তব্য করেছেন, এমন পরিস্থিতিতে ৩০ মিনিট স্থির থাকা প্রায় অসম্ভব। কেউ লিখেছেন, “একটু নড়লেই সব শেষ হয়ে যেত!”, আবার কেউ তার ধৈর্যকে “অবিশ্বাস্য মানসিক শক্তি” বলে আখ্যা দিয়েছেন।
জানা যায়, ঘটনাটি প্রথম আলোচনায় আসে গত বছরের আগস্টে, যখন ব্রিটিশ সংবাদমাধ্যম The Sun ভিডিওটি প্রকাশ করে। এরপর থেকেই এটি বিশ্বজুড়ে বিস্ময়ের উদাহরণ হিসেবে ঘুরে বেড়াচ্ছে। প্রকৃতি ও প্রাণীর আচরণের বিচিত্র দিক নিয়ে আগ্রহীদের কাছেও ঘটনাটি বেশ আলোচিত।