সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৪৩ অপরাহ্ন, ৪ জুন ২০২৬

হাদি হত্যা নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ

বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে করা বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ একাধিক গুরুতর ও জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ দায়ের করেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিংকু চ্যাটার্জি সিং। অভিযোগপত্রে বলা হয়েছে, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা […]

হাদি হত্যা নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে করা বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ একাধিক গুরুতর ও জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ দায়ের করেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিংকু চ্যাটার্জি সিং।

অভিযোগপত্রে বলা হয়েছে, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় জনমনে বিভ্রান্তি, অবিশ্বাস ও বিদ্বেষ তৈরির চেষ্টা করেছেন। একই সঙ্গে বাংলাদেশের একটি হত্যাকাণ্ডের ঘটনায় ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে তিনি এমন মন্তব্য করেছেন, যা আন্তর্জাতিক পরিসরে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেছেন, মমতার বক্তব্য প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি দুই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও এই বক্তব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএসের ১৫২, ১৫৩, ১৫৩(এ), ১৯১, ১৯২, ১৯৬, ৩৫১, ৩৫২ ও ৩৫৩ ধারাসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এসব ধারার মধ্যে রাষ্ট্রের সার্বভৌমত্ব, জনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার মতো অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে।

আইনজীবী রিংকু চ্যাটার্জি সিং বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বক্তব্যের বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তিনি জানান, আগামী ৮ জুন আদালত খোলার পর মমতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হবে।

ঘটনার সূত্রপাত হয় বিধানসভা নির্বাচনে পরাজয়ের প্রায় এক মাস পর আয়োজিত একটি রাজনৈতিক কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে। ওই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বাংলাদেশের আলোচিত ওসমান হাদি হত্যা প্রসঙ্গ তুলে ধরেন।

মমতা দাবি করেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজনকে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স বা এসটিএফ গ্রেপ্তার করেছিল। পরে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে ফোন করে বিষয়টি প্রকাশ্যে না আনার অনুরোধ জানান বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা মেঘালয় সীমান্ত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিলেন এবং পরে এসটিএফ তাদের আটক করে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করেননি মমতা। তাঁর ভাষ্য, নাম প্রকাশ করা হলে বাংলাদেশে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ