নেপালের মাউন্ট এভারেস্টে ছয় দিন নিখোঁজ থাকার পর অভিজ্ঞ পর্বতারোহী গাইড দাওয়া শেরপাকে মৃত বলে ধরে নিয়েছিল তার পরিবার। শেষকৃত্যের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। ঠিক সেই সময়ই খবর আসে—তিনি জীবিত আছেন। বৃহস্পতিবার তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পর্বতারোহীদের সংগঠন ৮কে এক্সপেডিশনের কর্মকর্তা পেম্বা শেরপা জানান, এভারেস্টের আইসফল এলাকার কাছাকাছি বরফে ঢাকা ঢাল বেয়ে অত্যন্ত […]
ছবি: সংগৃহীত
নেপালের মাউন্ট এভারেস্টে ছয় দিন নিখোঁজ থাকার পর অভিজ্ঞ পর্বতারোহী গাইড দাওয়া শেরপাকে মৃত বলে ধরে নিয়েছিল তার পরিবার। শেষকৃত্যের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। ঠিক সেই সময়ই খবর আসে—তিনি জীবিত আছেন। বৃহস্পতিবার তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পর্বতারোহীদের সংগঠন ৮কে এক্সপেডিশনের কর্মকর্তা পেম্বা শেরপা জানান, এভারেস্টের আইসফল এলাকার কাছাকাছি বরফে ঢাকা ঢাল বেয়ে অত্যন্ত দুর্বল অবস্থায় হামাগুড়ি দিয়ে নামতে দেখা যায় ৫২ বছর বয়সী দাওয়া শেরপাকে। পরে উদ্ধারকারী দল দ্রুত তাকে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং খাবার ও পানি দেয়। এরপর হেলিকপ্টারে করে তাকে কাঠমান্ডুর একটি হাসপাতালে পাঠানো হয়।
দাওয়ার স্ত্রী দামু শেরপা জানান, প্রথমে স্থানীয় সংবাদমাধ্যমের মাধ্যমে তারা জানতে পারেন যে তিনি হয়তো জীবিত আছেন। পরে পরিচিত এক ব্যক্তি ফোন করে নিশ্চিত করেন যে দাওয়াকে পাহাড় থেকে নামিয়ে আনা হচ্ছে।
তার মেয়ে মেন্ডো লহামু শেরপা বলেন, পরিবার কয়েকদিন ধরেই শেষকৃত্যের ধর্মীয় আচার পালন করছিল। শুরুতে তারা নিশ্চিত হতে পারেননি যে উদ্ধার হওয়া ব্যক্তি সত্যিই দাওয়া শেরপা কি না। পরে ছবি দেখে নিশ্চিত হওয়ার পর পুরো পরিবার আবেগে ভেঙে পড়ে।
গত ২৯ মে শেষবার দাওয়া শেরপাকে পাহাড় থেকে নামতে দেখা যায়। তার সঙ্গে থাকা এক পোলিশ পর্বতারোহী নিরাপদে বেস ক্যাম্পে পৌঁছালেও দাওয়া আর ফিরে আসেননি। পরে তাকে খুঁজতে উদ্ধার অভিযান শুরু হলেও প্রতিকূল আবহাওয়া ও দুর্গম অবস্থানের কারণে উদ্ধারকাজে বিলম্ব হয়। হেলিকপ্টার দিয়েও প্রথমদিকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
চলতি মৌসুমে এভারেস্টে রেকর্ডসংখ্যক পর্বতারোহী অংশ নিয়েছেন। এক হাজারের বেশি আরোহী ও গাইড ইতোমধ্যে বিশ্বের সর্বোচ্চ এই শৃঙ্গে পৌঁছেছেন। তবে এই মৌসুমেই অন্তত পাঁচজন পর্বতারোহীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
দাওয়া শেরপার বেঁচে ফেরার ঘটনাকে অনেকে অলৌকিক বলে উল্লেখ করছেন। একই সঙ্গে এটি এভারেস্ট অভিযানের ভয়াবহ ঝুঁকি এবং শেরপা গাইডদের অসাধারণ সাহস ও সহনশীলতার আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।