রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি বৈঠকের কোনো প্রয়োজন দেখছেন না। গত ৪ জুন এক খোলা চিঠিতে জেলেনস্কি পুতিনকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানান। চিঠিতে তিনি উল্লেখ করেন, ২০২২ সালে শুরু হওয়া যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র আবারও […]
ছবি: সংগৃহীত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি বৈঠকের কোনো প্রয়োজন দেখছেন না।
গত ৪ জুন এক খোলা চিঠিতে জেলেনস্কি পুতিনকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানান। চিঠিতে তিনি উল্লেখ করেন, ২০২২ সালে শুরু হওয়া যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র আবারও সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে—এমন আশা করা বাস্তবসম্মত নয়। বিশেষ করে ইরানকে ঘিরে নতুন সংকটের কারণে ওয়াশিংটনের মনোযোগ অন্যদিকে সরে যাওয়ায় যুদ্ধবিরতি প্রচেষ্টাও কার্যত স্থবির হয়ে পড়েছে বলে তিনি ইঙ্গিত দেন।
তবে জেলেনস্কির এই উদ্যোগকে “অমার্জিত” বলে মন্তব্য করেছেন পুতিন। তিনি তার আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, কোনো যুদ্ধবিরতির আগে শান্তি আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানের ভিত্তি তৈরি হওয়া উচিত।
শুক্রবার (৫ জুন) সেন্ট পিটার্সবার্গ-এ অনুষ্ঠিত বার্ষিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে পুতিন বলেন, “এই মুহূর্তে আমি এমন বৈঠকের কোনো প্রয়োজন দেখছি না। এটি কি সত্যিই আলোচনার অনুকূল পরিবেশ তৈরির চেষ্টা ছিল, নাকি বৈঠক এড়ানোর একটি পদক্ষেপ—আমার মনে হয় দ্বিতীয়টিই সঠিক।”
পুতিনের এই প্রতিক্রিয়ার জবাবে জেলেনস্কি বলেন, “রাশিয়া আবারও যুদ্ধকেই বেছে নিচ্ছে। তিনি (পুতিন) যুদ্ধ শেষ করতে চান না। আমার মনে হয় বিশ্বের অনেক মানুষই এই উত্তরে হতাশ হয়েছে।”
যুদ্ধ অবসানের শর্ত হিসেবে রাশিয়া দীর্ঘদিন ধরে কয়েকটি দাবি জানিয়ে আসছে। এর মধ্যে রয়েছে ইউক্রেনকে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং ঝাপোরিজ্জিয়া অঞ্চল থেকে সরে যেতে হবে। পাশাপাশি ন্যাটো-তে যোগদানের প্রচেষ্টাও পরিত্যাগ করতে হবে।
অন্যদিকে কিয়েভ স্পষ্টভাবে জানিয়েছে, তারা কোনো ভূখণ্ড ছেড়ে দিতে রাজি নয়। ইউক্রেনের মতে, রাশিয়াকে ভূখণ্ডগত ছাড় দেওয়া হলে ভবিষ্যতে আরও আগ্রাসী পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে এবং নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়বে।
দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে দুই দেশের অবস্থান এখনও অনেক দূরে রয়েছে। ফলে শান্তি আলোচনার সম্ভাবনা থাকলেও যুদ্ধ বন্ধে কোনো তাৎক্ষণিক অগ্রগতির ইঙ্গিত এখনো দেখা যাচ্ছে না।
সূত্র: BBC।