ইরানের বিরুদ্ধে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলাগুলো মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর সঙ্গে পূর্ণ সমন্বয়ে পরিচালিত হয়েছে এবং এর দায় যুক্তরাষ্ট্রও এড়াতে পারে না। সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, এক সংবাদ সম্মেলনে বাঘেই বলেন, ইসরায়েলের সাম্প্রতিক […]
ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলাগুলো মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর সঙ্গে পূর্ণ সমন্বয়ে পরিচালিত হয়েছে এবং এর দায় যুক্তরাষ্ট্রও এড়াতে পারে না।
সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, এক সংবাদ সম্মেলনে বাঘেই বলেন, ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলোর পেছনে যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা রয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং এর সম্ভাব্য পরিণতির দায়ও ওয়াশিংটনকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এরও সমালোচনা করেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসির অবস্থান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং দায়িত্বজ্ঞানহীন।
ইরানি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সোমবার ভোরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি বড় পেট্রোকেমিক্যাল স্থাপনায় বিমান হামলা চালানো হয়। এতে শিল্প কমপ্লেক্সটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর সোমবার সকাল থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। নিরাপত্তাজনিত কারণে কয়েকটি এলাকায় বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এর জবাবে ইরানও ইসরায়েল এবং মার্কিন সামরিক উপস্থিতি থাকা কয়েকটি আঞ্চলিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।
পরবর্তীতে গত ৮ এপ্রিল দুই পক্ষের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও এর বাস্তবায়ন নিয়ে মতবিরোধ, পাল্টাপাল্টি হামলা এবং রাজনৈতিক টানাপোড়েনের কারণে শান্তি আলোচনা কার্যত স্থবির হয়ে পড়ে।
সূত্র: ইরনা, আনাদোলু এজেন্সি।