ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান মহররম মাসের প্রথম ১০ দিন শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট স্মরণসভা কমিটি। একই সঙ্গে অনুষ্ঠান নিয়ে বিভিন্ন গুজব ও যাচাইবিহীন তথ্য প্রচার না করার আহ্বানও জানিয়েছে তারা। মঙ্গলবার (৯ জুন) প্রকাশিত এক বিবৃতিতে কমিটি জানায়, খামেনি এবং তার পরিবারের সদস্যদের স্মরণসভা, […]
ছবি: সংগৃহীত
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান মহররম মাসের প্রথম ১০ দিন শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট স্মরণসভা কমিটি। একই সঙ্গে অনুষ্ঠান নিয়ে বিভিন্ন গুজব ও যাচাইবিহীন তথ্য প্রচার না করার আহ্বানও জানিয়েছে তারা।
মঙ্গলবার (৯ জুন) প্রকাশিত এক বিবৃতিতে কমিটি জানায়, খামেনি এবং তার পরিবারের সদস্যদের স্মরণসভা, জানাজা ও দাফন অনুষ্ঠান যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় গুরুত্বের সঙ্গে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ তথ্য প্রকাশ করেছে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটির সম্ভাব্য সময়সূচি ও আয়োজন নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা ও যাচাইবিহীন তথ্য ছড়িয়ে পড়েছে। এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক ভিত্তি নেই এবং এগুলো জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে বলে উল্লেখ করেছে কমিটি।
কমিটির ভাষ্য অনুযায়ী, ইমাম হুসাইন (আ.)-এর স্মরণে পালিত মহররমের শোকানুষ্ঠানের প্রতি খামেনির দীর্ঘদিনের অঙ্গীকার ও শ্রদ্ধার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। সেই কারণে আশুরার পর, অর্থাৎ মহররমের প্রথম ১০ দিন শেষ হলে তার জানাজা ও দাফন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, অনুষ্ঠানকে সুশৃঙ্খল ও অংশগ্রহণকারীদের জন্য নিরাপদ করতে সংশ্লিষ্ট সরকারি সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। জানাজা, দাফন এবং অন্যান্য আনুষ্ঠানিক কর্মসূচির চূড়ান্ত সময়সূচি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
এদিকে খামেনির মৃত্যু এবং তা ঘিরে বিভিন্ন আন্তর্জাতিক আলোচনা ও গুঞ্জনের প্রেক্ষাপটে ইরানি কর্তৃপক্ষ জনগণ ও গণমাধ্যমকে কেবলমাত্র সরকারি সূত্র থেকে প্রকাশিত তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে।
সূত্র: মেহের নিউজ