বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি একটি বক্তব্যে তিনি বলেছিলেন, “বানিয়াচং থানা আমরা পুড়িয়ে দিয়েছিলাম”। সেই বক্তব্যকে ঘিরে সমালোচনার মধ্যে এবার হামলার আশঙ্কায় থানায় আশ্রয় নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানায় গিয়ে আশ্রয় নেন মাহদী হাসান। তার দাবি, একটি রাজনৈতিক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জেলা […]
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি একটি বক্তব্যে তিনি বলেছিলেন, “বানিয়াচং থানা আমরা পুড়িয়ে দিয়েছিলাম”। সেই বক্তব্যকে ঘিরে সমালোচনার মধ্যে এবার হামলার আশঙ্কায় থানায় আশ্রয় নেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানায় গিয়ে আশ্রয় নেন মাহদী হাসান। তার দাবি, একটি রাজনৈতিক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের কিছু নেতা-কর্মী তাকে ধাওয়া করেছেন।
মাহদী হাসান জানান, ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নিতে তিনি বিআরটিএ কার্যালয়ে গিয়েছিলেন। সেখান থেকে ইজিবাইকে করে বাসায় ফেরার পথে কয়েকজন তাকে অনুসরণ ও ধাওয়া করেন বলে তিনি অভিযোগ করেন। পরে নিরাপত্তার জন্য তিনি সরাসরি হবিগঞ্জ সদর মডেল থানায় চলে যান।
ঘটনার পর ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক একটি স্ট্যাটাসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে সমালোচনা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রশংসা করায় কিছু ব্যক্তি তার ওপর ক্ষুব্ধ হন।
তবে মাহদীর অভিযোগ অস্বীকার করেছে জেলা ছাত্রদল। সংগঠনটির জেলা সভাপতি রাজীব আহমেদ বলেন, ছাত্রদলের কোনো নেতা-কর্মী মাহদী হাসানকে ধাওয়া করেননি। তিনি নিজের গুরুত্ব বাড়ানোর জন্য মিথ্যা প্রচারণা চালাচ্ছেন বলে দাবি করেন তিনি।
এদিকে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, মাহদী হাসানের অভিযোগের পর পুলিশ বিষয়টি তদন্ত করেছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলা হয়েছে। তবে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ওসি আরও বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে পুলিশ বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তদন্ত করবে।
উল্লেখ্য, সম্প্রতি এক বক্তব্যে মাহদী হাসান দাবি করেছিলেন যে আন্দোলনের সময় বানিয়াচং থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
সূত্র: ইত্তেফাক