মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পুলিশের একটি অভিযানের সময় হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের হেফাজতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বীরতারা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সাব্বির শেখ (৩৫) হাতকড়াসহ পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার […]
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পুলিশের একটি অভিযানের সময় হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের হেফাজতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বীরতারা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সাব্বির শেখ (৩৫) হাতকড়াসহ পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ৮টার দিকে খবর পাওয়া যায় যে সাব্বির শেখের বাড়িতে কয়েকজন বহিরাগতকে নিয়ে গোপনে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) রাজ্জাক ও শরিফুলসহ আরও কয়েকজন পুলিশ সদস্য।
অভিযানের সময় পুলিশ সাব্বির শেখকে আটক করে এবং তার হাতে দুটি হাতকড়া পরায়। তবে তাকে আটকের পরপরই তার সমর্থক ও অনুসারীরা পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ঘটনাস্থলে হট্টগোল শুরু হয়। এ সময় আশপাশের এলাকার শাহিন, আবজল, ইমন, কামরুল, নাসির, পুস্প, বাচ্চুর স্ত্রীসহ প্রায় শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
হামলায় উপপরিদর্শক রাজ্জাক গুরুতর আহত হন। একই সঙ্গে সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগে সাব্বির শেখ হাতকড়াসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান এবং শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়াসহ অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ঘটনার বিষয়ে জানতে ওসি জুয়েল মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ব্যস্ততার কথা জানিয়ে ফোন কেটে দেন। পরে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
একইভাবে অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমানের বক্তব্য নেওয়ার জন্য তার সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তিনি ফোন রিসিভ করেননি।
পুলিশ সূত্র জানিয়েছে, পুরো ঘটনাকে কেন্দ্র করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।