সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:৪৮ অপরাহ্ন, ২৭ জুন ২০২৬

মাদক ও সাইবার আইন সংশোধনের উদ্যোগ, সংসদে উত্থাপিত হলো দুটি বিল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সাইবার সুরক্ষা আইনে পরিবর্তন আনার লক্ষ্যে জাতীয় সংসদে দুটি পৃথক সংশোধনী বিল উত্থাপন করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনের মাধ্যমে মাদক-সংক্রান্ত অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সাইবার সুরক্ষা আইন থেকে অনলাইন জুয়া-সংক্রান্ত অপরাধ ও শাস্তির বিধান বাদ দেওয়ার প্রস্তাবও আনা হয়েছে। শনিবার (২৭ জুন) জাতীয় […]

মাদক ও সাইবার আইন সংশোধনের উদ্যোগ, সংসদে উত্থাপিত হলো দুটি বিল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সাইবার সুরক্ষা আইনে পরিবর্তন আনার লক্ষ্যে জাতীয় সংসদে দুটি পৃথক সংশোধনী বিল উত্থাপন করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনের মাধ্যমে মাদক-সংক্রান্ত অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সাইবার সুরক্ষা আইন থেকে অনলাইন জুয়া-সংক্রান্ত অপরাধ ও শাস্তির বিধান বাদ দেওয়ার প্রস্তাবও আনা হয়েছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রীরা বিল দুটি উত্থাপন করেন। পরে বিল দুটি বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়।

বিল দুটি সংসদে উপস্থাপনের আগে সংসদ সদস্যদের যথাযথভাবে অবহিত করা হয়নি বলে অভিযোগ তুলে বিরোধী দলের সদস্যরা আপত্তি জানান। তবে ডেপুটি স্পিকার কায়সার কামাল সেই আপত্তি গ্রহণ করেননি। তিনি বলেন, বিল উত্থাপনের জন্য প্রয়োজনীয় নোটিশের সময়সীমা মার্জনা করা হয়েছে এবং এ বিষয়ে কোনো আপত্তি থাকলে তা আগে থেকেই জানানো উচিত ছিল।

সেদিনের সম্পূরক কার্যসূচির আওতায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল’ সংসদে উত্থাপন করেন।

বিলের উদ্দেশ্য ও কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বর্তমানে সাধারণ আদালতগুলোতে মামলার অতিরিক্ত চাপ থাকায় মাদক-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত বিচার সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে যেসব এলাকায় মাদক সমস্যা বেশি, সেখানে পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের বিধান পুনরায় যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

তবে তিনি স্পষ্ট করেন যে, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হলেও সাধারণ আদালতের বিচারিক এখতিয়ার বহাল থাকবে।

প্রস্তাবিত সংশোধনীতে প্রযুক্তিনির্ভর মাদক অপরাধ মোকাবিলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে সাইবার স্পেস ব্যবহার করে সংঘটিত মাদক-সংক্রান্ত অপরাধ দমনের জন্য নতুন কিছু বিধান সংযোজনের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দিষ্ট ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষমতা প্রদান এবং মাদক শনাক্ত ও উদ্ধার কার্যক্রম জোরদার করতে ডগ স্কোয়াড গঠনের বিধানও যুক্ত করা হয়েছে।

অন্যদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম সংসদে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) বিল’ উত্থাপন করেন।

এই বিলের মাধ্যমে সাইবার সুরক্ষা আইন থেকে অনলাইন বা সাইবার স্পেসে জুয়া খেলা সংক্রান্ত অপরাধ এবং তার শাস্তির বিধান বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে এসব বিষয় আলাদাভাবে নিয়ন্ত্রণের জন্য একটি পৃথক জুয়া প্রতিরোধ আইন প্রণয়ন করা হবে।

সংসদে উত্থাপিত দুটি বিলই পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিল উত্থাপনের পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এ বিষয়ে আপত্তি জানিয়ে বলেন, বিল দুটি এত দ্রুত উত্থাপনের মতো কোনো জরুরি পরিস্থিতি ছিল না।

তার মতে, নতুন আইন প্রণয়ন কিংবা বিদ্যমান আইনে সংশোধন আনার ক্ষেত্রে প্রচলিত আইনগত ও সংসদীয় প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা উচিত। পাশাপাশি বিদ্যমান আইন এবং প্রস্তাবিত সংশোধনীর মধ্যে কী ধরনের পরিবর্তন আনা হচ্ছে, তার একটি তুলনামূলক বিশ্লেষণ সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা প্রয়োজন ছিল।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এই পর্যায়ে বিল দুটি কেবল সংসদে উত্থাপন করা হয়েছে, এখনই তা পাস করা হচ্ছে না।

তিনি আরও বলেন, সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনার সময় বিলের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা হবে এবং প্রয়োজন হলে সংশোধনীও আনা যেতে পারে। সে কারণেই এই মুহূর্তে বিদ্যমান আইন ও প্রস্তাবিত পরিবর্তনের তুলনামূলক বিশ্লেষণ সংসদ সদস্যদের মধ্যে বিতরণ করা হয়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ