ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে শোকের এই সময়ে ইরান সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমর্থনের বার্তা দিয়েছেন তিনি। শুক্রবার (৩ জুলাই) তেহরানে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এসব […]
ছবি: সংগৃহীত
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে শোকের এই সময়ে ইরান সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমর্থনের বার্তা দিয়েছেন তিনি।
শুক্রবার (৩ জুলাই) তেহরানে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এসব কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বৈঠকের শুরুতে গালিবাফ আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে যাওয়া বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জাতীয় শোকের এই সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ ইরান সরকার ও দেশটির জনগণের পাশে রয়েছে। তিনি বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের পারস্পরিক যোগাযোগের বিষয়ও তুলে ধরেন।
বৈঠকে তিনি সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র শান্তি সমঝোতা বাস্তবায়নে ইরানের পার্লামেন্টের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে এই উদ্যোগ অঞ্চলজুড়ে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সহায়ক হবে। পাশাপাশি সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সব অমীমাংসিত ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য মোহাম্মদ বাগের গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে স্পিকার বৃহস্পতিবার তেহরানে পৌঁছান। সেখানে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজী বাবাই বিমানবন্দরে তাকে ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানান।