প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজধানীর গুলশানের সরকারি বাসভবনকে বিশেষ শ্রেণির গুরুত্বপূর্ণ স্থাপনা (কী পয়েন্ট ইনস্টলেশন-কেপিআই) হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে বাসভবনটি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে এবং চারপাশে বিশেষ নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ৭ জুন কেপিআই-সংক্রান্ত কমিটির (কেপিআইডিসি) মাসিক সভায় গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে বিশেষ শ্রেণির কেপিআই হিসেবে অন্তর্ভুক্ত করার […]
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজধানীর গুলশানের সরকারি বাসভবনকে বিশেষ শ্রেণির গুরুত্বপূর্ণ স্থাপনা (কী পয়েন্ট ইনস্টলেশন-কেপিআই) হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে বাসভবনটি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে এবং চারপাশে বিশেষ নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ৭ জুন কেপিআই-সংক্রান্ত কমিটির (কেপিআইডিসি) মাসিক সভায় গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে বিশেষ শ্রেণির কেপিআই হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়। পরে সরকারের অনুমোদনের ভিত্তিতে ১৫ জুন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। গত শুক্রবার এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।
জানা গেছে, গত বছরের ৫ জুন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতে গুলশানের ১৯৬ নম্বর বাড়ির নামজারির কাগজ হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার পরিবারের জন্য বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিল।
নামজারি সম্পন্ন হওয়ার পর বাড়িটি সংস্কার ও আধুনিকায়ন করা হয়। গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর ওই বাসভবনে ওঠেন তারেক রহমান। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরও তিনি সেখান থেকেই সরকারি কার্যক্রম পরিচালনা করছেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সরকারি কার্যক্রমের জন্য প্রস্তুত থাকলেও প্রধানমন্ত্রীর স্থায়ী আবাস হিসেবে ব্যবহৃত হচ্ছে গুলশানের এই বাসভবন।
বিশেষ শ্রেণির কেপিআই ঘোষণার ফলে বাসভবনের নিরাপত্তা, কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষা এবং গুরুত্বপূর্ণ নথি ও তথ্য সংরক্ষণে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য বহিঃনিরাপত্তা ও অভ্যন্তরীণ নিরাপত্তার পৃথক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সমন্বয়ে একটি পৃথক নিরাপত্তা কমিটি গঠন করা হবে। কেপিআই নির্দেশনা অনুযায়ী বাসভবনের সীমানা প্রাচীরের উচ্চতা কমপক্ষে ১২ ফুট রাখতে হবে। এর ওপর আরও তিন ফুট উচ্চতার ‘ওয়াই’ আকৃতির কাঁটাতারের বেড়া স্থাপন করা হবে।
এ ছাড়া আশপাশের সুউচ্চ ভবন থেকে সম্ভাব্য নজরদারি, ছবি তোলা কিংবা স্নাইপার হামলার ঝুঁকি বিবেচনায় বিশেষ পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হবে। কেপিআই ভবনের ১৫০ থেকে ৩০০ মিটারের মধ্যে নতুন কোনো উঁচু ভবন নির্মাণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র নিতে হবে।
নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, কেপিআই স্থাপনার ২৫ মিটারের মধ্যে নতুন কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। পাশাপাশি ভবনের চারপাশের পাঁচ ফুট এলাকার মধ্যে থাকা বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এমন গাছপালা অপসারণ করা হবে।
অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন প্রেসিডেন্ট গার্ডস রেজিমেন্ট (পিজিআর)-এর সদস্যরা। পাশাপাশি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্যরাও নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত থাকবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি, তথ্য এবং প্রশাসনিক কার্যক্রমের নিরাপত্তা জোরদার করতেই গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে বিশেষ শ্রেণির কেপিআই হিসেবে ঘোষণা করা হয়েছে।
সূত্র: আমার দেশ