মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীরের প্রশিক্ষণ এলাকায় তিনি উপস্থিত হয়ে দীর্ঘ সময় মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। সরেজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রী মহড়া চলাকালে ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ পরিদর্শন করেন। দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং এবং […]
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীরের প্রশিক্ষণ এলাকায় তিনি উপস্থিত হয়ে দীর্ঘ সময় মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
সরেজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রী মহড়া চলাকালে ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ পরিদর্শন করেন। দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং এবং ইউনিট কমান্ডিং অফিসারের কাছ থেকে তিনি প্রশিক্ষণের অগ্রগতি, কৌশলগত প্রস্তুতি এবং মাঠপর্যায়ের অনুশীলন সম্পর্কে খোঁজখবর নেন। একটি কমান্ডারের মুখে মৌখিক অপারেশনাল নির্দেশনাও তিনি মনোযোগ দিয়ে শোনেন।
পরে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের পরিচালিত একটি রেইড মহড়া প্রত্যক্ষ করেন। যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, আক্রমণ ও প্রতিরক্ষার কৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক তিনি কাছ থেকে দেখেন। একপর্যায়ে সেনা বাঙ্কারে নেমে অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছেও তিনি যান এবং দায়িত্ব পালনে তাদের উৎসাহিত করেন।
পরিদর্শনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার খান এবং তাদের সঙ্গে চা পান করেন। মাঠপর্যায়ে সরকারপ্রধানকে এত দীর্ঘ সময় পাশে পেয়ে সেনাসদস্যদের মধ্যেও উচ্ছ্বাস দেখা যায়।
পরে সেনাসদস্যদের উদ্দেশে সংক্ষিপ্ত দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট, অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদারিত্ব, কঠোর প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের নিষ্ঠা ও সক্ষমতার প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে গিয়ে দীর্ঘ সময় সেনাসদস্যদের সঙ্গে কাটালেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।