জুলাই গণঅভ্যুত্থানকে গণমানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক ঐতিহাসিক অধ্যায় হিসেবে উল্লেখ করে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমাদের স্মৃতিতে জুলাই দীর্ঘ ৩৬ দিনের মাস।” তিনি বলেন, এই সময় জাতি অন্যায়ের বিরুদ্ধে যে ঐক্য, সাহস ও আত্মত্যাগের নজির স্থাপন করেছে, তা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বুধবার (৫ আগস্ট) […]
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানকে গণমানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক ঐতিহাসিক অধ্যায় হিসেবে উল্লেখ করে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমাদের স্মৃতিতে জুলাই দীর্ঘ ৩৬ দিনের মাস।” তিনি বলেন, এই সময় জাতি অন্যায়ের বিরুদ্ধে যে ঐক্য, সাহস ও আত্মত্যাগের নজির স্থাপন করেছে, তা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে আন্দোলনে আহত, দৃষ্টিশক্তি হারানো এবং স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অবদানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেইসব শহীদকে, যারা এই অভ্যুত্থানে জীবন উৎসর্গ করেছেন। কৃতজ্ঞতা জানাই আহত, দৃষ্টিশক্তি হারানো এবং পঙ্গুত্ব বরণকারী সকল সংগ্রামীকে।”
ড. ইউনূসের মতে, জুলাই শুধু শিক্ষার্থীদের আন্দোলন ছিল না; এটি ছিল দেশের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রতিরোধ। স্কুল, কলেজ, মাদ্রাসা এবং পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আলোকচিত্রী, লেখক, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শ্রমজীবী মানুষ, চিকিৎসক এবং প্রবাসী বাংলাদেশিরাও এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি বিশেষভাবে নারীদের সাহসিকতার কথা উল্লেখ করে বলেন, জুলাইয়ে নারীরা যে অসীম সাহস ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। একইভাবে শিক্ষার্থীদের নেতৃত্ব দেশের তরুণ সমাজকে দীর্ঘদিন সাহস ও দিকনির্দেশনা জোগাবে।
বিবৃতিতে তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতিকে শিখিয়েছে যে দেশের মানুষ যখন একটি ন্যায়সঙ্গত লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধ হয়, তখন সবচেয়ে শক্তিশালী ও দুর্ভেদ্য ব্যবস্থাকেও পরিবর্তন করা সম্ভব।
শেষে তিনি গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তার ভাষায়, জুলাইয়ের চেতনা ধরে রেখে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।