হবিগঞ্জের আজমিরীগঞ্জে এক দোকানির মুঠোফোন চুরির অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। দোকানের সিসিটিভি ক্যামেরায় ফোনটি চুরির দৃশ্য ধরা পড়ার পর অভিযুক্ত এসআই রাসেল মিয়াকে থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রস্তুতিও চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৮টা ৪৯ মিনিটের […]
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের আজমিরীগঞ্জে এক দোকানির মুঠোফোন চুরির অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। দোকানের সিসিটিভি ক্যামেরায় ফোনটি চুরির দৃশ্য ধরা পড়ার পর অভিযুক্ত এসআই রাসেল মিয়াকে থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রস্তুতিও চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৮টা ৪৯ মিনিটের দিকে আজমিরীগঞ্জ বাজারের ব্যবসায়ী রাজীব আহমেদের দোকানে ফল কিনতে যান এসআই রাসেল মিয়া। পেয়ারা ও লটকন কেনার পর তিনি আরও কয়েক মিনিট দোকানে অবস্থান করেন। পরে ফলের ব্যাগ নিয়ে দোকান থেকে বেরিয়ে যান।
এসআই চলে যাওয়ার পর রাজীব আহমেদ তার মুঠোফোনটি খুঁজে পাননি। পরে দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তিনি দেখতে পান, এসআই রাসেল তার ফোনটি পকেটে ঢুকিয়ে নিয়ে যাচ্ছেন।
ফুটেজে দেখা যায়, দোকানের টেবিলের ওপর রাজীবের মুঠোফোন রাখা ছিল। একপর্যায়ে এসআই রাসেল তার হাতে থাকা একটি ফাইল ও নিজের লাল রঙের মুঠোফোনটি রাজীবের ফোনের ওপর রাখেন। পরে কথা বলার সময় দুটি ফোনই পকেটে ঢুকিয়ে নেন তিনি। এরপর ফলের ব্যাগ হাতে নিয়ে আরও কিছুক্ষণ দোকানির সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যান।
রাজীব আহমেদ জানান, ফোনটির বিষয়ে এসআই রাসেলের কাছে জানতে চাইলে প্রথমে তিনি ফোন নেওয়ার কথা অস্বীকার করেন। পরে সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়েছে বলে জানানো হলে গভীর রাতে রাজীবের সঙ্গে দেখা করেন রাসেল। এ সময় তিনি জানান, মুঠোফোনটি হারিয়ে ফেলেছেন। পরে ফোনটির মূল্য বাবদ রাজীবকে ১৫ হাজার টাকা দেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে এসআই রাসেল মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এদিকে ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন ঘটনাটি তদন্ত করেন।
তদন্তের পর এসআই রাসেল মিয়াকে আজমিরীগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
ওসি আকবর হোসেন বলেন, ঘটনাটি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর এসআই রাসেল মিয়াকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।