আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি মনোনয়নপত্র রয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পর […]
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি মনোনয়নপত্র রয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পর ইসি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
আখতার আহমেদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে মোট তিনটি মনোনয়নপত্র জমা হয়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের পক্ষে দুটি এবং বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
ইসি সচিব জানান, আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। এ সময় সংসদ সচিবালয়ের একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন এবং প্রার্থীদের মনোনয়নপত্রে থাকা স্বাক্ষর যাচাই করবেন।
অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, দুটি মনোনয়নপত্রই নিয়ম অনুযায়ী যাচাই করা হবে। প্রথম মনোনয়নপত্রটি বাতিল হলে দ্বিতীয়টি যাচাই করা হবে।
এর আগে গত ২৪ জুলাই বিকেল ৪টার দিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তিনি ছিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। জাতীয় সংসদের স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
‘রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ’ শিরোনামের ওই পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির সরকারি প্যাডে লেখা হয়। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন।
সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন।
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত ৬ আগস্ট তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল।
এরপর ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।
একাধিক বৈধ প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবার রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি এবং জামায়াতের নেতৃত্বাধীন জোট আলাদা প্রার্থী দিয়েছে। ফলে উভয় জোটের প্রার্থীর মনোনয়ন বৈধ হলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের প্রয়োজন হবে। সেক্ষেত্রে প্রায় ৩৫ বছর পর বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হওয়ার সম্ভাবনা তৈরি হবে।