নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো—ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তাদের সবার বাড়ি দুপ্তারা খানপাড়া এলাকায়। তারা স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। স্থানীয়দের বরাতে জানা গেছে, বিকেলে শিশুদের বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা […]
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তাদের সবার বাড়ি দুপ্তারা খানপাড়া এলাকায়। তারা স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বিকেলে শিশুদের বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে তাদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখেন স্বজনরা। এতে তাদের সন্দেহ হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে নেমে পানির নিচ থেকে চার শিশুকে উদ্ধার করেন। উদ্ধার করা দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্য দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়।
তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা চার শিশুকেই মৃত ঘোষণা করেন। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিমুল জানান, হাসপাতালে আনার আগেই চার শিশুর মৃত্যু হয়েছিল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে পুকুরপাড় ও জলাশয়ের আশপাশে শিশুদের চলাচলের ক্ষেত্রে পরিবারের সদস্যদের আরও সতর্ক থাকার বিষয়টি সামনে এসেছে।