ইরানে মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন আরও এক ধাপ উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে ইরানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে তার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইরানের সীরিক শহরের একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন বিমান হামলার জবাবেই এই পাল্টা অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। মার্কিন স্থাপনায় হামলার […]
ইরানে মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন আরও এক ধাপ উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে ইরানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে তার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা।
ইরানের সীরিক শহরের একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন বিমান হামলার জবাবেই এই পাল্টা অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সম্মিলিত এই হামলায় যুক্তরাষ্ট্রের একটি মেরামত কেন্দ্র, প্রযুক্তিগত সরঞ্জাম রাখার গুদাম এবং মার্কিন নজরদারি বেলুন নিয়ন্ত্রণ ব্যবস্থা ধ্বংস হয়েছে।
আইআরজিসির দাবি, হামলার সময় মার্কিন একটি ঘাঁটির জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়। এতে বেশ কয়েকজন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন বলেও দাবি করেছে ইরানি বাহিনী।
তবে এসব ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের দাবির কোনো স্বাধীন সত্যতা পাওয়া যায়নি।
ইরানের পাল্টা হামলার মধ্যে সম্ভাব্য হুমকি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোও।
গত ছয় ঘণ্টার মধ্যে তৃতীয়বারের মতো জরুরি সতর্কবার্তা জারি করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি নিকটস্থ নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জনগণকে আতঙ্কিত না হয়ে সরকারি ও অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে পরিস্থিতির সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
একই সময়ে দক্ষিণ লেবাননের কফর রেমান এবং আরব সালিম এলাকার উপকণ্ঠে দুটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ফলে ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রভাব শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকাতেও এর উত্তাপ ছড়িয়ে পড়ছে।
এর আগে ইরানের খুজেস্তান প্রদেশের তিনটি এলাকায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে প্রদেশটির নিরাপত্তাবিষয়ক উপ-গভর্নরের বরাত দিয়ে বলা হয়েছে, ওই হামলায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।
এর পরপরই ইরানের পাল্টা হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলেছে। এখন দুই পক্ষের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রাখছে গোটা অঞ্চল।