সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৪০ অপরাহ্ন, ৪ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে কে প্রতিনিধিত্ব করবে, জানে না ভারত

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে কে প্রতিনিধিত্ব করবেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানে না ভারত। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনে অংশ নেবেন কি না, কিংবা তিনি না গেলে অন্য কোনো প্রতিনিধি যাবেন কি না—কোনোটিই নিশ্চিত নয় বলে জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ […]

ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে কে প্রতিনিধিত্ব করবে, জানে না ভারত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে কে প্রতিনিধিত্ব করবেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানে না ভারত। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনে অংশ নেবেন কি না, কিংবা তিনি না গেলে অন্য কোনো প্রতিনিধি যাবেন কি না—কোনোটিই নিশ্চিত নয় বলে জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে জানতে চাইলে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ মুহূর্তে তার কাছে নতুন কোনো তথ্য নেই।

ব্রিকস সম্মেলনের সম্প্রসারিত পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এর আগে দ্বিপক্ষীয় সফরের জন্যও তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিল নয়াদিল্লি।

তবে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও ঢাকা ও নয়াদিল্লির মধ্যে মতবিরোধ রয়েছে।

গত ৫ আগস্ট নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। এ ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অসন্তোষ জানিয়ে তাকে দেশে ফেরত পাঠানো এবং ভারতীয় ভূখণ্ড থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের বিষয়ে নয়াদিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে। তবে ব্রিকস সম্মেলনে বাংলাদেশ কীভাবে অংশ নেবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

শেখ হাসিনার বক্তব্য নিয়েও প্রশ্ন

শুক্রবারের সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়েও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করা হয়। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনা, নিজের বিচার এবং নিরাপত্তা নিয়ে কথা বলেছেন।

এসব সাক্ষাৎকারের সময় ও বিষয়বস্তু নিয়ে ভারত সরকারের কোনো অবস্থান আছে কি না জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই।

শেখ হাসিনা আরও দাবি করেছেন, দেশে ফিরে যাওয়া নিয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে কোনো সমঝোতা বা গোপন আলোচনা হয়নি। একই সঙ্গে ব্যক্তিগত নিরাপত্তা, আইনজীবীদের সঙ্গে যোগাযোগ এবং নিরপেক্ষ বিচার নিশ্চিত করার বিষয়েও তিনি কথা বলেছেন। এসব বিষয়ে ভারত সরকারকে কোনো তথ্য দেওয়া হয়েছে কি না জানতে চাওয়া হলেও জয়সওয়াল বলেন, তার কাছে এ সম্পর্কেও কোনো তথ্য নেই।

এদিকে গত ৫ আগস্টের পর নয়াদিল্লির ওই সংবাদকেন্দ্রে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আরেকটি আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজনের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ।

সব মিলিয়ে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। তারেক রহমান নিজে নয়াদিল্লি যাবেন, নাকি অন্য কোনো প্রতিনিধি বাংলাদেশের হয়ে সম্মেলনে অংশ নেবেন—এ বিষয়ে শুক্রবার পর্যন্ত কোনো তথ্য দিতে পারেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ