সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:২০ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হবে। জাতিসংঘ সদর দপ্তরের সচিবালয় ভবনের ৩৪তম […]

জাতিসংঘ সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হবে। জাতিসংঘ সদর দপ্তরের সচিবালয় ভবনের ৩৪তম তলায় দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এটিই হবে প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক।

একই দিন বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেনারেল অ্যাসেম্বলি হলে অধিবেশনের পর্বটি অনুষ্ঠিত হবে। সেখানে বিকেল সাড়ে ৫টার দিকে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার সময় নির্ধারিত রয়েছে। বিকেল ৩টায় শুরু হওয়া অধিবেশনে ১৮ জন বক্তার মধ্যে তিনি ১১তম বক্তা হিসেবে বক্তব্য দেবেন।

ভাষণের আগে বৃহস্পতিবার সকালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বগত সংকট মোকাবিলাবিষয়ক একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়ে পাঁচ মিনিটের উদ্বোধনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে দুপুরে মাতৃ ও নবজাতকের প্রতিরোধযোগ্য মৃত্যু কমাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফারি অন্তর্ভুক্তি বিষয়ে আরেকটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সমাপনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার থাকছে আরও কয়েকটি বৈঠক

প্রধানমন্ত্রীর বৃহস্পতিবারের কূটনৈতিক সূচিতেও একাধিক বৈঠক ও কর্মসূচি রয়েছে। দুপুর ১টা ১০ মিনিটে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় ও ফটোসেশনে অংশ নেবেন তিনি।

এরপর দুপুর ২টা ১৫ মিনিট থেকে ২টা ২৫ মিনিট পর্যন্ত জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর আড়াইটা থেকে ৩টা পর্যন্ত জাতিসংঘের ‘বাইল্যাটারাল বুথে’ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন।

সাধারণ পরিষদের ভাষণ শেষে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তর থেকে বাংলাদেশের স্থায়ী মিশন অথবা তাঁর অবস্থানরত হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে ফিরবেন। রাতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির কার্যালয়ে আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজেও যোগ দেওয়ার কথা রয়েছে।

শুক্রবারেও ব্যস্ত কর্মসূচি

পরদিন শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ম্যানহাটনে জেপি মরগানের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির আয়োজিত ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সকাল ১১টায় কুয়েতের স্থায়ী মিশনে দেশটির ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। দুপুরে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট প্রিন্স জায়েদ আল হুসেইনের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে আন্তর্জাতিক ভূরাজনীতি, বৈশ্বিক প্রবণতা ও ঝুঁকি নিয়ে মতবিনিময় করার কথা রয়েছে।

মধ্যাহ্নভোজ শেষে হোটেল গ্র্যান্ড হায়াতে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতেরও কর্মসূচি রয়েছে।

২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক ছাড়বেন

জাতিসংঘ সফর শেষ করে শুক্রবার রাত ১১টায় নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। পরে ২৭ সেপ্টেম্বর রাত ২টায় দুবাই থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথমবারের মতো বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ