পবিত্র নগরী মক্কা ও মদিনার ওপর কোনো ধরনের হুমকি এলে বাংলাদেশ হাত গুটিয়ে বসে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, মক্কা ও মদিনা বিশ্বের সব মুসলমানের ঐক্যের প্রতীক। এটি শুধু কূটনীতির বিষয় নয়, এর সঙ্গে কোটি কোটি মানুষের আবেগ জড়িত। সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড […]
পবিত্র নগরী মক্কা ও মদিনার ওপর কোনো ধরনের হুমকি এলে বাংলাদেশ হাত গুটিয়ে বসে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, মক্কা ও মদিনা বিশ্বের সব মুসলমানের ঐক্যের প্রতীক। এটি শুধু কূটনীতির বিষয় নয়, এর সঙ্গে কোটি কোটি মানুষের আবেগ জড়িত।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) প্রাঙ্গণে একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকেরা জানতে চান, আলোচিত ‘মক্কা প্যাক্ট’ বা জোটে বাংলাদেশ যোগ দিচ্ছে কি না এবং সৌদি আরব সেনা চাইলে বাংলাদেশ পাঠাবে কি না। জবাবে শামা ওবায়েদ স্পষ্ট করে বলেন, বাংলাদেশ এখনো ওই জোটে যোগ দেয়নি। আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার পরই সেনা পাঠানোর প্রশ্ন আসবে। যেহেতু বাংলাদেশ এখনো যোগ দেয়নি, তাই এই মুহূর্তে সেনা পাঠানোর কোনো প্রশ্ন নেই।
তবে সৌদি আরবের এই কঠিন সময়ে বাংলাদেশের সংহতি রয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সৌদি আরবের পাশে আছে এবং হামলা বন্ধের আহ্বান জানাচ্ছে।
শামা ওবায়েদ আরও জানান, সৌদি আরবের ক্রাউন প্রিন্সের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি বিশেষ চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশ সরকার ও সাধারণ মানুষ সব সময় সৌদি আরবের জনগণের পাশে রয়েছে।
সৌদি আরবের প্রধান তেল শোধনাগারে হুতি বিদ্রোহীদের হামলার কারণে বাংলাদেশের জ্বালানি সরবরাহে কোনো প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ মুহূর্তে দেশের জ্বালানি খাতে বড় ধরনের শঙ্কা দেখছে না সরকার।
তিনি জানান, জ্বালানি প্রতিমন্ত্রী বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সরকারের আগাম প্রস্তুতির কারণে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত এবং ২৪ জনের বেশি আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, আহতদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
চলমান সংঘাতের অবসান কামনা করে তিনি অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান।