সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৪:৪০ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬

প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় টিকে থাকার রাজনীতিতে বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশী কোনো দেশের সঙ্গে সমঝোতা করে তাদের সমর্থনের ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে থাকার রাজনীতিতে বিশ্বাস করেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের ঐতিহ্যবাহী জেএম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, তাঁরা সব সময় জেএম সেন হলে এসেছেন। তবে অতীতে […]

প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় টিকে থাকার রাজনীতিতে বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

প্রতিবেশী কোনো দেশের সঙ্গে সমঝোতা করে তাদের সমর্থনের ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে থাকার রাজনীতিতে বিশ্বাস করেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের ঐতিহ্যবাহী জেএম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, তাঁরা সব সময় জেএম সেন হলে এসেছেন। তবে অতীতে এখানে আসা কয়েকজন সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে বলেছিলেন, প্রতিবেশী একটি দেশের সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে এবং ওই দেশের সমর্থন নিয়ে তাঁরা ক্ষমতায় থাকবেন। কিন্তু এ ধরনের রাজনীতিতে তাঁরা বিশ্বাস করেন না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁদের প্রত্যাশা এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না। মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ ও মুক্তিযোদ্ধারাও ধর্মীয় সম্প্রীতিপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তবে তাঁরা সচেতনভাবেই ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দটি ব্যবহার এড়িয়ে চলেন। কারণ, আইনগতভাবে দেশে কোনো সম্প্রদায়কে আলাদা পরিচয়ে স্বীকৃতি দেওয়ার বিষয়টি তাঁরা সামনে আনতে চান না।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নানা ধর্মের মানুষের বসবাস রয়েছে এবং অনেক দেশে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীও রয়েছে। কিন্তু বাংলাদেশে কাউকে সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করতে চান না তাঁরা। এ দেশের সব মানুষের পরিচয় বাংলাদেশি নাগরিক। ২০২৪-পরবর্তী বাংলাদেশে এই পরিচয় নতুন করে উপলব্ধি করার যে সংস্কৃতি চালু হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার নেতৃত্ব দিচ্ছেন।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, এ দেশের সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন। ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে গণ-অভ্যুত্থানেও সব ধর্মের মানুষ রক্ত দিয়েছেন।

ধর্মের ভিত্তিতে বিভাজন ও রাজনীতিতে বিশ্বাস করেন না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁরা ধর্মের ভিত্তিতে বিভাজন চান না এবং ধর্মের ভিত্তিতে রাজনীতি করেন না। এ ধরনের রাজনীতিতে তাঁদের বিশ্বাস নেই।

তিনি বলেন, যারা সনাতন ধর্মাবলম্বীদের সব সময় ভোটব্যাংক হিসেবে বিবেচনা করত, গতবার তাঁরা সেই ধারণা ভেঙে দিয়েছেন। সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের ওপর আস্থা রেখেছেন এবং তাঁরাও সেই আস্থার মর্যাদা দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ