রাশিয়ার যুদ্ধে অংশ নিতে গিয়ে বাংলাদেশিদের মৃত্যু, নিখোঁজ হওয়া এবং নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে না পারার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, নিহতদের মরদেহ দেশে ফেরত আনা, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো […]
ছবি: সংগৃহীত
রাশিয়ার যুদ্ধে অংশ নিতে গিয়ে বাংলাদেশিদের মৃত্যু, নিখোঁজ হওয়া এবং নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে না পারার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, নিহতদের মরদেহ দেশে ফেরত আনা, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এইচআরএসএস জানায়, বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়ে থাকলে তা গুরুতর মানবাধিকার লঙ্ঘন। একই সঙ্গে এ ঘটনা নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ব্যবস্থার দুর্বলতার বিষয়টিও সামনে এনেছে।
বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে বলা হয়, গত তিন বছরে রাশিয়ার যুদ্ধে অন্তত ৫৪ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। সম্প্রতি চাকরির প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় নেওয়া ৩০ জনের মধ্যে অন্তত ২০ জনের মৃত্যুর খবরও প্রকাশিত হয়েছে। তবে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের প্রকৃত অবস্থা, তাঁদের নিয়োগের ক্ষেত্রে প্রতারণা হয়েছিল কি না এবং এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা কী ছিল, তা নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন বলে মনে করে সংগঠনটি।
এইচআরএসএসের মতে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জীবন ও নিরাপত্তা রক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয় দুটি কী পদক্ষেপ নিয়েছে এবং দায়িত্ব পালনে কোনো ঘাটতি ছিল কি না, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনারও আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে এইচআরএসএস আরও কয়েকটি দাবি তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে—নিরপেক্ষ ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত করে নিয়োগকারী এবং দালালদের দায় নির্ধারণ, নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে জরুরি কূটনৈতিক উদ্যোগ গ্রহণ।
এ ছাড়া নিহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ, বিমা ও পুনর্বাসন সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার এবং বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কঠোর নজরদারি নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে।
এইচআরএসএসের দাবি, পুরো ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে জনসমক্ষে তাদের নেওয়া পদক্ষেপের ব্যাখ্যা দিতে হবে। তদন্তে দায়িত্ব পালনে অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সূত্র: আমার দেশ অনলাইন