সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাণিজ্য
৩:২৮ অপরাহ্ন, ৫ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে রপ্তানি কমল বাংলাদেশের, প্রতিযোগীদের তুলনায় অবস্থান কোথায়?

যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছরের প্রথম নয় মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫৭ শতাংশ কমেছে। তবে একই সময়ে দেশটির মোট পোশাক আমদানি কমেছে ৬ দশমিক ১৪ শতাংশ। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাজারে সামগ্রিক আমদানি কমলেও বাংলাদেশের রপ্তানি হ্রাসের হার তুলনামূলক কম। যুক্তরাষ্ট্রের বস্ত্র ও পোশাকবিষয়ক দপ্তর (ওটেক্সা) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ […]

যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে রপ্তানি কমল বাংলাদেশের, প্রতিযোগীদের তুলনায় অবস্থান কোথায়?

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছরের প্রথম নয় মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫৭ শতাংশ কমেছে। তবে একই সময়ে দেশটির মোট পোশাক আমদানি কমেছে ৬ দশমিক ১৪ শতাংশ। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাজারে সামগ্রিক আমদানি কমলেও বাংলাদেশের রপ্তানি হ্রাসের হার তুলনামূলক কম। যুক্তরাষ্ট্রের বস্ত্র ও পোশাকবিষয়ক দপ্তর (ওটেক্সা) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।

ওটেক্সার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির মূল্য দাঁড়িয়েছে ৬১৪ কোটি মার্কিন ডলার। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬৪২ কোটি ডলার। অন্যদিকে, একই সময়ে যুক্তরাষ্ট্রের সব দেশ মিলিয়ে পোশাক আমদানির মূল্য কমে ৫ হাজার ৬৬৮ কোটি ডলারে নেমেছে।

বাজারের সামগ্রিক পতনের তুলনায় বাংলাদেশের রপ্তানি কম হারে কমলেও যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানিতে দেশের অংশ সামান্য হ্রাস পেয়েছে। গত বছরের একই সময়ে বাজার হিস্যা ছিল ১০ দশমিক ৯৯ শতাংশ, যা চলতি বছরের প্রথম নয় মাসে কমে ১০ দশমিক ৮৩ শতাংশ হয়েছে।

প্রতিযোগী দেশগুলোর মধ্যে মিশ্র চিত্র

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের এশীয় প্রতিযোগীদের মধ্যে কয়েকটি দেশ প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে। জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে শূন্য দশমিক ২৬ শতাংশ। কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া থেকে আমদানি বেড়েছে যথাক্রমে ৬ দশমিক ৪২ ও ২ দশমিক ৮১ শতাংশ।

অন্যদিকে, চীন ও ভারতের রপ্তানিতে বড় ধরনের পতন দেখা গেছে। চীন থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ২৩ দশমিক ০৮ শতাংশ এবং ভারত থেকে কমেছে ২৫ দশমিক ১৯ শতাংশ। পাকিস্তানের ক্ষেত্রেও আমদানি কমেছে ৩ দশমিক ৬৭ শতাংশ।

এ হিসাবে চীন ও ভারতের তুলনায় বাংলাদেশের রপ্তানি পরিস্থিতি তুলনামূলক ভালো থাকলেও ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধি বাংলাদেশের জন্য প্রতিযোগিতার চাপ তৈরি করছে।

পোশাকের পরিমাণ ও গড় মূল্যেও পরিবর্তন

পরিমাণের হিসাবে, চলতি বছরের প্রথম নয় মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ৩ দশমিক ৬৫ শতাংশ। একই সময়ে সব দেশ মিলিয়ে আমদানির পরিমাণ কমেছে ৮ দশমিক ১০ শতাংশ। অর্থাৎ আমদানির পরিমাণ কমার ক্ষেত্রেও বাংলাদেশের পতন সামগ্রিক বাজারের তুলনায় কম।

তবে পোশাকের গড় ইউনিট মূল্যের ক্ষেত্রে বাংলাদেশের চিত্র কিছুটা ভিন্ন। যুক্তরাষ্ট্রের বাজারে সব দেশের পোশাকের গড় ইউনিট মূল্য বেড়েছে ২ দশমিক ১৪ শতাংশ। বিপরীতে বাংলাদেশের পোশাকের গড় ইউনিট মূল্য কমেছে শূন্য দশমিক ৯৫ শতাংশ। বর্তমানে বাংলাদেশের পোশাকের গড় ইউনিট মূল্য বিশ্ব গড়ের তুলনায় প্রায় ৩ দশমিক ৫ শতাংশ কম। এক বছর আগেও বাংলাদেশের গড় মূল্য বিশ্ব গড়ের কাছাকাছি ছিল।

এশিয়ার সাতটি প্রধান সরবরাহকারী দেশের মধ্যে পাঁচটির পোশাকের গড় ইউনিট মূল্য কমেছে। এর মধ্যে চীনের কমেছে সবচেয়ে বেশি, ৭ দশমিক ৬৬ শতাংশ। বিপরীতে ভিয়েতনাম ও কম্বোডিয়ার পোশাকের গড় ইউনিট মূল্য বেড়েছে।

আগস্টে প্রবৃদ্ধি, সেপ্টেম্বরে আবার পতন

মাসভিত্তিক পরিসংখ্যানে বাংলাদেশের রপ্তানিতে ওঠানামার চিত্র দেখা গেছে। আগস্টে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের একই মাসের তুলনায় ১১ দশমিক ১৫ শতাংশ বেড়েছিল। তবে সেপ্টেম্বরে রপ্তানি কমেছে ৫ দশমিক ৫৭ শতাংশ।

সামগ্রিক পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে চাহিদা কমার মধ্যেও বাংলাদেশ তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে চীন ও ভারতের রপ্তানি কমে যাওয়ায় বাংলাদেশের সামনে বাজার সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর প্রবৃদ্ধি ধরে রাখার বিষয়টি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

যুক্তরাষ্ট্রের বাজারে অবস্থান আরও শক্তিশালী করতে উচ্চমূল্যের পোশাক উৎপাদন, পণ্যের বৈচিত্র্য বাড়ানো, উৎপাদনশীলতা উন্নয়ন এবং রপ্তানি পণ্যের গড় মূল্য বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ