বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি ও বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত এবং আইন অনুযায়ীই এর নিষ্পত্তি হবে। একই সঙ্গে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বাংলাদেশ […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি ও বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত এবং আইন অনুযায়ীই এর নিষ্পত্তি হবে। একই সঙ্গে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন জয়সওয়াল।
বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ এবং এ নিয়ে ঢাকা-দিল্লির মধ্যে সাম্প্রতিক যোগাযোগের বিষয়ে জানতে চাইলে ভারতের মুখপাত্র বলেন, বিষয়টি আইনি ও বিচারিক প্রক্রিয়ার আওতাভুক্ত। আইন অনুযায়ীই এর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় এক সাংবাদিক জানতে চান, বৈধ পাসপোর্ট না থাকলে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, কিংবা প্রত্যর্পণের জন্য পাসপোর্ট থাকা বাধ্যতামূলক কি না। জবাবে জয়সওয়াল বলেন, এটি একটি কারিগরি ও আইনি প্রশ্ন। তাঁর ভাষায়, ‘মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণের জন্য অবশ্যই ট্রাভেল ডকুমেন্ট প্রয়োজন—এটাই আমার ধারণা। তবে এটি একটি কারিগরি বিষয়।’
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়েও ব্রিফিংয়ে প্রশ্ন ওঠে। এক সাংবাদিক জানতে চান, তিনি নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের আবেদন করলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর এসেছে। সম্ভাব্য কনস্যুলার বৈঠকে বিষয়টি আলোচনার সুযোগ আছে কি না, সেটিও জানতে চাওয়া হয়।
জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের কাছেই জানতে চাওয়া উচিত। কারণ, আবেদন এবং এ-সংক্রান্ত অবস্থান সম্পর্কে তারাই সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে। অর্থাৎ, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে ভারত সরকার সরাসরি কোনো মন্তব্য করেনি।
এর আগে সোমবার (৯ নভেম্বর) লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠানো হয়। চিঠিতে শেখ হাসিনার পক্ষে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্স চিঠিটি দেখার পর এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
তবে বাংলাদেশের হাইকমিশন চিঠিটির সত্যতা ও আইনজীবী প্রতিষ্ঠানটি শেখ হাসিনার পক্ষে আবেদন করার যথাযথ অনুমোদন পেয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে। হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান জানিয়েছেন, প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইল পাওয়া গেলেও শেখ হাসিনার পক্ষে আবেদন করার অনুমোদনের কোনো প্রমাণ বা প্রয়োজনীয় নথি তাতে সংযুক্ত ছিল না। ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এদিকে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি দেওয়ার সম্ভাবনা নাকচ করে বাংলাদেশ সরকার বলেছে, তাঁকে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশ ২০২৪ সালের ডিসেম্বরে প্রথম আনুষ্ঠানিকভাবে ভারতকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানায়। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পরও প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে যান। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
শেখ হাসিনা এর আগে চলতি বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। তবে তাঁর দেশে ফেরা, নতুন ভ্রমণ নথি পাওয়া এবং ভারতের কাছে বাংলাদেশের প্রত্যর্পণ আবেদনের নিষ্পত্তি—সবকিছুই এখন আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।
সূত্র: দ্য ডেইলি স্টার, রয়টার্স, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড