সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অন্যান্য
৫:০৮ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬

টাইটানিকের ডুবির ১১৪ বছর পর নিলামে উঠছে বিরল বিমা নথি

১৯১২ সালে উত্তর আটলান্টিক মহাসাগরে হিমশৈলের সঙ্গে সংঘর্ষে ডুবে যায় ইতিহাসের অন্যতম বিলাসবহুল প্রমোদতরী আরএমএস টাইটানিক। সেই বিপর্যয়ের ১১৪ বছর পর জাহাজটির বিমাসংক্রান্ত একটি বিরল মূল নথি নিলামে উঠতে যাচ্ছে। আগামী ২১ নভেম্বর যুক্তরাজ্যের নিলাম প্রতিষ্ঠান হেনরি অলড্রিজ অ্যান্ড সনের আয়োজনে নথিটি বিক্রির জন্য তোলা হবে। এর সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৩০ হাজার থেকে ৫০ […]

টাইটানিকের ডুবির ১১৪ বছর পর নিলামে উঠছে বিরল বিমা নথি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

১৯১২ সালে উত্তর আটলান্টিক মহাসাগরে হিমশৈলের সঙ্গে সংঘর্ষে ডুবে যায় ইতিহাসের অন্যতম বিলাসবহুল প্রমোদতরী আরএমএস টাইটানিক। সেই বিপর্যয়ের ১১৪ বছর পর জাহাজটির বিমাসংক্রান্ত একটি বিরল মূল নথি নিলামে উঠতে যাচ্ছে। আগামী ২১ নভেম্বর যুক্তরাজ্যের নিলাম প্রতিষ্ঠান হেনরি অলড্রিজ অ্যান্ড সনের আয়োজনে নথিটি বিক্রির জন্য তোলা হবে। এর সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৩০ হাজার থেকে ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড। খবর বিবিসির।

নথিটি যুক্তরাষ্ট্রভিত্তিক আটলান্টিক মিউচুয়াল ইনস্যুরেন্স কোম্পানির বিমা হিসাবের একটি মূল খতিয়ান। এতে টাইটানিকের জাহাজের কাঠামোর জন্য প্রতিষ্ঠানটির ১ লাখ ডলারের বিমা-অংশের তথ্য রয়েছে। পুরো জাহাজের বিমা কেবল এই প্রতিষ্ঠান করেনি; প্রায় ৭৭টি বিমা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ৫০ লাখ ডলারের বিমা সুরক্ষা নেওয়া হয়েছিল।

নথিটি ১৯১২ সালের ২৭ মার্চ স্বাক্ষরিত হয়। বিমা কার্যকর হওয়ার তারিখ ছিল ৩০ মার্চ ১৯১২ এবং মেয়াদ ছিল এক বছর। এতে হাতে লেখা একটি বিশেষ সংযোজনও রয়েছে। ওই শর্তে বেলফাস্ট থেকে সাউদাম্পটনে জাহাজটির যাত্রা এবং পথে সমুদ্র পরীক্ষা চালানোর ঝুঁকিও বিমার আওতায় রাখা হয়েছিল। অর্থাৎ যাত্রী নিয়ে প্রথম সমুদ্রযাত্রা শুরুর আগেই জাহাজটির কাঠামো ও পরীক্ষামূলক যাত্রার জন্য বিমা সুরক্ষা নিশ্চিত করা হয়েছিল।

টাইটানিক ১৯১২ সালের ১০ এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশে প্রথম যাত্রা শুরু করে। ১৪ এপ্রিল রাতে উত্তর আটলান্টিকে হিমশৈলের সঙ্গে ধাক্কা লাগে জাহাজটির। পরদিন ১৫ এপ্রিল ভোরে সেটি ডুবে যায়। এ ঘটনায় প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়। নিলামে উঠতে যাওয়া নথিটি স্বাক্ষরের মাত্র ১৯ দিন পরই ঘটে ওই ভয়াবহ দুর্ঘটনা।

নিলাম প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, টাইটানিকের বিমা করা মোট অর্থের দাবি দুর্ঘটনার ৩০ দিনের মধ্যেই পরিশোধ করা হয়েছিল। আটলান্টিক মিউচুয়ালের ১ লাখ ডলারের অংশও ওই অর্থের অন্তর্ভুক্ত ছিল। প্রতিষ্ঠানটির দাবি, টাইটানিকের জাহাজের কাঠামোর বিমাসংক্রান্ত এটিই বর্তমানে জানা একমাত্র টিকে থাকা মূল নথি।

তবে জাহাজের মালিকপক্ষ দ্রুত বিমার অর্থ পেলেও দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ পেতে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। নিলাম প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড্রু অলড্রিজের বক্তব্য অনুযায়ী, অবহেলার অভিযোগে ক্ষতিপূরণ চেয়ে করা মামলাগুলোর নিষ্পত্তি হতে প্রায় চার বছর লেগেছিল। শেষ পর্যন্ত দাবিদারদের মধ্যে মোট ৬ লাখ ৬৩ হাজার ডলার বিতরণ করা হয়।

আটলান্টিক মিউচুয়াল ইনস্যুরেন্স কোম্পানি ১৮৩৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। একসময় উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ সামুদ্রিক ও সাধারণ বিমা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল এটি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর বিপুল বিমা দাবির চাপ প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থাকে দুর্বল করে দেয়। পরে ২০১১ সালে প্রতিষ্ঠানটির বিমা লাইসেন্স বাতিল করা হয় এবং এটি অবসায়িত হয়।

নিলাম হতে যাওয়া নথিটির সম্ভাব্য দাম ৩০ হাজার থেকে ৫০ হাজার পাউন্ড। ঐতিহাসিক এই দলিলটি টাইটানিকের নির্মাণ, যাত্রার প্রস্তুতি এবং দুর্ঘটনার আগের বিমা ব্যবস্থার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: বিবিসি, হেনরি অলড্রিজ অ্যান্ড সন ও পিপল

আরও নানা মজার, নতুন ও অবাক করা খবর পড়তে নিয়মিত চোখ রাখুন আমাদের অন্যান্য বিভাগে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ