যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এমন এক নতুন প্রজাতির মাশরুমের সন্ধান পেয়েছেন গবেষকেরা, যাতে একই সঙ্গে হ্যালুসিনেশন সৃষ্টিকারী ও প্রাণঘাতী বিষাক্ত উপাদান রয়েছে। ‘গ্যালেরিনা ইন্ডিকা’ (Galerina indica) নামের এই ছত্রাককে বিজ্ঞানীরা প্রথম শনাক্ত করেছেন, যার মধ্যে সাইকেডেলিক উপাদান সাইলোসাইবিন এবং প্রাণঘাতী অ্যামাটক্সিন—দুটিই পাওয়া গেছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে বৈজ্ঞানিক সাময়িকী কারেন্ট বায়োলজি-তে। সাধারণত ম্যাজিক মাশরুমে মানসিক আবেশ বা হ্যালুসিনেশন […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এমন এক নতুন প্রজাতির মাশরুমের সন্ধান পেয়েছেন গবেষকেরা, যাতে একই সঙ্গে হ্যালুসিনেশন সৃষ্টিকারী ও প্রাণঘাতী বিষাক্ত উপাদান রয়েছে। ‘গ্যালেরিনা ইন্ডিকা’ (Galerina indica) নামের এই ছত্রাককে বিজ্ঞানীরা প্রথম শনাক্ত করেছেন, যার মধ্যে সাইকেডেলিক উপাদান সাইলোসাইবিন এবং প্রাণঘাতী অ্যামাটক্সিন—দুটিই পাওয়া গেছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে বৈজ্ঞানিক সাময়িকী কারেন্ট বায়োলজি-তে।
সাধারণত ম্যাজিক মাশরুমে মানসিক আবেশ বা হ্যালুসিনেশন সৃষ্টিকারী সাইলোসাইবিন থাকে। অন্যদিকে কিছু মাশরুমে পাওয়া যায় অ্যামাটক্সিনের মতো বিষাক্ত উপাদান, যা প্রাণঘাতী হতে পারে। তবে একই প্রজাতির ছত্রাকে এই দুই ধরনের উপাদানের উপস্থিতি আগে শনাক্ত হয়নি বলে গবেষকেরা জানিয়েছেন।
গবেষণার সহলেখক অ্যান্ড্রু কুনিখ বলেন, এমন কিছু ঘটতে পারে বলে তাঁদের ধারণা ছিল। তবে নিবিড় বিশ্লেষণের মাধ্যমে বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা এ নিয়ে বেশি আশাবাদী হতে চাননি।
ফ্লোরিডার স্টেট মাইকোলজিস্ট ও গবেষক ম্যাথিউ স্মিথ জানান, দেখতে সাধারণ বাদামি মাশরুমের মতো হওয়ায় এ প্রজাতিকে অন্য ছত্রাক থেকে আলাদা করা কঠিন। তাঁর মতে, এ ধরনের আবিষ্কার মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ। কোন ছত্রাক বিপজ্জনক হতে পারে, তা শনাক্ত করা এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত জানা তাঁর কাজের অন্যতম উদ্দেশ্য।
গবেষণার আরেক সহলেখক ও ইউনিভার্সিটি অব ইউটার মাইকোলজিস্ট ব্রিন ডেন্টিঙ্গারের মতে, এই ছত্রাকে দুই ধরনের উপাদান একসঙ্গে থাকার পেছনে থাকতে পারে ‘হরাইজন্টাল জিন ট্রান্সফার’। এ প্রক্রিয়ায় একটি জীবের জিনগত উপাদান অন্য জীবের জিনোমে স্থানান্তরিত হতে পারে।
বিষয়টি ব্যাখ্যা করতে ডেন্টিঙ্গার বলেন, ঘটনাটি অনেকটা এমন—দুজনের হাত মেলানোর সময় একজনের ডিএনএর কিছু অংশ অন্যজনের জিনোমে মিশে গেল।
গবেষকদের এই আবিষ্কার ছত্রাকের বিবর্তন, জিনগত বৈশিষ্ট্য এবং বিষাক্ত প্রজাতি শনাক্ত করার গবেষণায় নতুন দিক উন্মোচন করতে পারে।
সূত্র: উইয়ন নিউজ