যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের সানসেট পার্ক এলাকায় দুটি ভাসমান গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র আধুনিকায়ন ও সম্প্রসারণের পরিকল্পনা ঘিরে প্রতিবাদে নেমেছেন পরিবেশবাদী ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, নতুন মালিকানার অধীনে বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদনক্ষমতা বাড়িয়ে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্যকেন্দ্রে (ডেটা সেন্টার) বিদ্যুৎ সরবরাহে ব্যবহার করা হতে পারে। এতে আগে থেকেই শিল্পদূষণের চাপে থাকা এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি ও বিদ্যুৎ বিল আরও বাড়তে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের সানসেট পার্ক এলাকায় দুটি ভাসমান গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র আধুনিকায়ন ও সম্প্রসারণের পরিকল্পনা ঘিরে প্রতিবাদে নেমেছেন পরিবেশবাদী ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, নতুন মালিকানার অধীনে বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদনক্ষমতা বাড়িয়ে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্যকেন্দ্রে (ডেটা সেন্টার) বিদ্যুৎ সরবরাহে ব্যবহার করা হতে পারে। এতে আগে থেকেই শিল্পদূষণের চাপে থাকা এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি ও বিদ্যুৎ বিল আরও বাড়তে পারে। তবে প্রকল্পটির মালিক প্রতিষ্ঠান আলফাজেন বলছে, সম্প্রসারণ পরিকল্পনার সঙ্গে তথ্যকেন্দ্রের কোনো সম্পর্ক নেই।
ব্রুকলিনের সানসেট পার্কের কাছে নিউইয়র্ক হারবারে অবস্থিত গোয়ানাস জেনারেশন স্টেশন ও ন্যারোজ জেনারেশন স্টেশন—দুটি বিদ্যুৎকেন্দ্রই ‘পিকার প্ল্যান্ট’ হিসেবে পরিচিত। বিদ্যুতের চাহিদা যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, তখন এসব কেন্দ্র চালু করা হয়। ফলে নিয়মিত বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্রের তুলনায় এগুলো কম সময় চলে। তবে চালু থাকা অবস্থায় প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে তুলনামূলক বেশি দূষণ ছড়াতে পারে।
আলফাজেন চলতি বছরের শুরুতে বিদ্যুৎকেন্দ্র দুটি আধুনিকায়ন ও সম্প্রসারণের পরিকল্পনা কন এডিসনের কাছে জমা দেয়। প্রস্তাবে ছয়টি পুরোনো ভাসমান বার্জের বিদ্যুৎ উৎপাদন ইউনিট সরিয়ে তিনটি নতুন বিদ্যুৎবাহী বার্জ স্থাপনের কথা বলা হয়েছে। নতুন তিনটি বার্জের সম্মিলিত উৎপাদনক্ষমতা হবে ৮১৯ মেগাওয়াট। প্রতিষ্ঠানটির দাবি, নতুন প্রযুক্তি ব্যবহারে বর্তমান ইউনিটগুলোর তুলনায় নিঃসরণ ৫০ শতাংশের বেশি কমানো সম্ভব হবে।
তবে পরিকল্পনাটি ঘিরে উদ্বেগ বেড়েছে বিদ্যুৎকেন্দ্রগুলোর মালিকানা পরিবর্তনের কারণে। চলতি বছরের মে মাসে তথ্যপ্রযুক্তি অবকাঠামোয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ডিজিটালব্রিজ গ্রুপ বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় বিনিয়োগকারী আর্কলাইট ক্যাপিটাল পার্টনার্সকে সর্বোচ্চ ১০৫ কোটি ডলারে অধিগ্রহণের চুক্তি করে। আলফাজেনের মালিকানা কাঠামোর সঙ্গে আর্কলাইট যুক্ত। পরে ৩০ সেপ্টেম্বর জাপানের সফটব্যাংক প্রায় ৩১০ কোটি ডলারে ডিজিটালব্রিজ অধিগ্রহণ সম্পন্ন করে।
ডিজিটালব্রিজ তথ্যকেন্দ্রসহ ডিজিটাল অবকাঠামোয় বিনিয়োগ করে। এ কারণে পরিবেশবাদীদের আশঙ্কা, নতুন মালিকানার আওতায় বিদ্যুৎকেন্দ্রগুলোর সম্প্রসারণ ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার তথ্যকেন্দ্রের বিদ্যুৎ চাহিদা মেটানোর কাজে ব্যবহার হতে পারে। তবে এটি এখন পর্যন্ত পরিবেশবাদীদের আশঙ্কা; বিদ্যুৎকেন্দ্র দুটি তথ্যকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের জন্য সম্প্রসারিত হচ্ছে—এমন কোনো নিশ্চিত ঘোষণা পাওয়া যায়নি।
প্রতিবাদে সিনেটর, গভর্নরকে চিঠি ৩০ আইনপ্রণেতার
গত ১২ নভেম্বর বৃহস্পতিবার সানসেট পার্কে বিদ্যুৎকেন্দ্র সম্প্রসারণের প্রতিবাদে আয়োজিত সমাবেশে যোগ দেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটর অ্যান্ড্রু গুনার্দেস। তিনি বলেন, সানসেট পার্ককে ঝুঁকিপূর্ণ জ্বালানি প্রকল্পের বর্জ্য ফেলার জায়গা হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ এবং বিদ্যুতের খরচ কমাতে সহায়তা করার সামর্থ্য রয়েছে। অথচ তারা দীর্ঘদিন ধরে দূষণের ভার বহন করা একটি জনগোষ্ঠীর ওপর আরও দূষণের বোঝা চাপাচ্ছে।
সমাবেশের পর নিউইয়র্ক অঙ্গরাজ্যের ৩০ জন আইনপ্রণেতা গভর্নর ক্যাথি হোকুলকে চিঠি দিয়ে প্রকল্পটির অনুমোদন না দেওয়ার আহ্বান জানান। তাঁদের বক্তব্য, নতুন করে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণ না করে সৌর ও বায়ুশক্তির মতো পরিচ্ছন্ন জ্বালানির বিকল্পে বিনিয়োগ করা উচিত।
নিউইয়র্ক কমিউনিটিজ ফর চেঞ্জের সংগঠনবিষয়ক পরিচালক সন্তোষ নন্দাবালান বলেন, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নিজেদের পছন্দমতো গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সুযোগ দেওয়া উচিত নয়। শুধু মুনাফা বাড়ানোর জন্য সানসেট পার্কের বাসিন্দাদের স্বাস্থ্য ও পরিবেশকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার বিরুদ্ধেও তাঁরা লড়াই চালিয়ে যাবেন।
পরিবেশবাদীদের দাবি, সানসেট পার্ক আগে থেকেই শিল্পকারখানা, মহাসড়ক ও ভারী যানবাহনের দূষণের প্রভাব বহন করছে। এলাকার অনেক বাসিন্দা শ্বাসকষ্ট ও বায়ুদূষণজনিত স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বিগ্ন। তাঁদের মতে, নতুন গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যুক্ত হলে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
বিদ্যুৎকেন্দ্র দুটির সক্ষমতা ও সম্প্রসারণ পরিকল্পনা
গোয়ানাস জেনারেশন স্টেশন নিউইয়র্ক হারবারে ভাসমান চারটি প্ল্যাটফর্মে স্থাপিত ৩২টি টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে। এর বর্তমান উৎপাদনক্ষমতা ২৬০ মেগাওয়াট। কাছাকাছি ন্যারোজ জেনারেশন স্টেশনে দুটি ভাসমান বার্জে রয়েছে ১৬টি টারবাইন, যার উৎপাদনক্ষমতা ৩২২ মেগাওয়াট।
আলফাজেনের প্রস্তাব অনুযায়ী, ছয়টি পুরোনো বার্জের ইউনিট সরিয়ে তিনটি নতুন বার্জ স্থাপন করা হবে। এগুলোর সম্মিলিত উৎপাদনক্ষমতা হবে ৮১৯ মেগাওয়াট। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কার্ট মরগান বলেছেন, পুরোনো অবকাঠামোর পরিবর্তে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা ও পরিবেশগত স্থায়িত্বের মধ্যে ভারসাম্য তৈরি করতে চায় তারা।
মরগানের ভাষ্য, শূন্য নিঃসরণভিত্তিক জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার মধ্যবর্তী সময়ে তুলনামূলক পরিচ্ছন্ন প্রযুক্তি ব্যবহারের বিষয়ে আলোচনা শুরু করাই এই প্রস্তাবের উদ্দেশ্য।
অন্যদিকে আলফাজেনের মুখপাত্র অ্যারন গ্রুয়েন জানিয়েছেন, সম্প্রসারণ প্রস্তাবের সঙ্গে তথ্যকেন্দ্রের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে অঙ্গরাজ্যের নিয়ন্ত্রক সংস্থার কাছে এখনো আনুষ্ঠানিক আবেদনও জমা দেওয়া হয়নি। তাঁর দাবি, ভবন ও যানবাহনে বিদ্যুতের ব্যবহার বাড়ার কারণে ২০৩০-এর দশকের মাঝামাঝি নিউইয়র্ক নগরীতে নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রয়োজন হবে। পুরোনো কেন্দ্রগুলোর বিকল্প তৈরি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই নতুন সক্ষমতা দরকার।
২০২৯ সাল পর্যন্ত চালু রাখার প্রয়োজনীয়তা কেন?
নিউইয়র্ক অঙ্গরাজ্যের ২০২৫ সালের পিকার বিধিমালা অনুযায়ী, দূষণকারী পুরোনো বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ করা অথবা নির্গমন কমানোর শর্ত পূরণ করার কথা ছিল। সে অনুযায়ী গোয়ানাস ও ন্যারোজ কেন্দ্রের সংশ্লিষ্ট ইউনিটগুলো বন্ধ হওয়ার কথা থাকলেও বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
নিউইয়র্কের বিদ্যুৎব্যবস্থা পরিচালনাকারী সংস্থা নিউইয়র্ক ইন্ডিপেনডেন্ট সিস্টেম অপারেটর (এনওয়াইআইএসও) মূল্যায়ন করে জানায়, বিদ্যুতের চাহিদা বৃদ্ধি ও বিকল্প সক্ষমতার ঘাটতির কারণে কেন্দ্রগুলোর সংশ্লিষ্ট ইউনিট ২০২৯ সালের ১ মে পর্যন্ত চালু রাখা প্রয়োজন। ভবন ও যানবাহনে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি, পুরোনো উৎপাদন ইউনিট অবসরে যাওয়া এবং তাপপ্রবাহের সময় সর্বোচ্চ চাহিদা সামাল দেওয়ার প্রয়োজনকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এনওয়াইআইএসওর ২০২৬ সালের মে মাসের হালনাগাদ তথ্যেও বলা হয়েছে, নিউইয়র্ক নগরী ও লোয়ার হাডসন ভ্যালির বিদ্যুৎ চাহিদা নির্ভরযোগ্যভাবে মেটাতে পর্যাপ্ত বিকল্প সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত গোয়ানাস ও ন্যারোজের সংশ্লিষ্ট ইউনিটগুলো প্রয়োজন হবে।
পিকার প্ল্যান্টের দূষণ নিয়ে কী বলছে সরকারি গবেষণা?
যুক্তরাষ্ট্রের সরকারি জবাবদিহি দপ্তর (জিএও) ২০২৪ সালে প্রকাশিত এক প্রতিবেদনে পিকার প্ল্যান্টগুলোর দূষণ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে। সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী, এসব কেন্দ্র নিয়মিত বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্রের তুলনায় কম সময় চালু থাকলেও প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে বেশি দূষণ ছড়ায়।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রাকৃতিক গ্যাসচালিত পিকার প্ল্যান্ট থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সালফার ডাই-অক্সাইড নির্গমনের মধ্যম হার সাধারণ বিদ্যুৎকেন্দ্রের তুলনায় ১ দশমিক ৬ গুণ বেশি। নাইট্রোজেন অক্সাইড ও সূক্ষ্ম বস্তুকণাও বায়ুদূষণের ঝুঁকি বাড়ায়। এসব দূষকের সংস্পর্শে শ্বাসকষ্ট, কাশি, বুকের অস্বস্তি ও ফুসফুসের কার্যক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা হতে পারে।
তবে জিএওর প্রতিবেদনে এটিও বলা হয়েছে, পিকার প্ল্যান্টগুলো কম সময় চলে বলে সারা বছরে তাদের মোট সালফার ডাই-অক্সাইড নিঃসরণ সাধারণ বিদ্যুৎকেন্দ্রগুলোর তুলনায় কম। অর্থাৎ, প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে দূষণের হার বেশি হলেও মোট বার্ষিক নিঃসরণ এক বিষয় নয়।
এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি প্রকল্প
পরিবেশবাদীদের আপত্তির পাশাপাশি প্রকল্পটির নিয়ন্ত্রক অনুমোদন নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ১৩ নভেম্বর প্রকাশিত স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, নতুন মালিকপক্ষ সম্প্রসারণ পরিকল্পনার কথা জানালেও নিউইয়র্ক অঙ্গরাজ্যের পাবলিক সার্ভিস আইনের ১০ অনুচ্ছেদ অনুযায়ী পাওয়ার প্ল্যান্ট সাইটিং বোর্ডের কাছে এখনো আনুষ্ঠানিক আবেদন জমা দেয়নি। ফলে পরিকল্পনাটি বাস্তবায়নের চূড়ান্ত অনুমোদন হয়নি।
পরিবেশবাদী ও স্থানীয় বাসিন্দারা গভর্নর ক্যাথি হোকুলের কাছে প্রকল্পটি প্রত্যাখ্যানের দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, বিদ্যুতের বাড়তি চাহিদা মেটানোর নামে পুরোনো গ্যাসভিত্তিক অবকাঠামো দীর্ঘদিন চালু রাখার পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ও পরিচ্ছন্ন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে হবে।
অন্যদিকে আলফাজেনের দাবি, পুরোনো ইউনিটের পরিবর্তে নতুন ও বেশি দক্ষ টারবাইন বসালে বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা বজায় রেখেই দূষণ কমানো সম্ভব। ফলে ব্রুকলিনের এই প্রকল্প ঘিরে এখন মূল প্রশ্ন—নিউইয়র্কের বিদ্যুৎ চাহিদা মেটাতে নতুন গ্যাসভিত্তিক সক্ষমতা বাড়ানো হবে, নাকি পরিবেশবান্ধব বিকল্পের দিকে এগোবে অঙ্গরাজ্য।
সূত্র: গথামিস্ট, নিউইয়র্ক ইন্ডিপেনডেন্ট সিস্টেম অপারেটর (এনওয়াইআইএসও), যুক্তরাষ্ট্রের সরকারি জবাবদিহি দপ্তর (জিএও), নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটর অ্যান্ড্রু গুনার্দেসের কার্যালয় ও দ্য ইন্ডিপেনডেন্ট