নিউইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে আলোচনায় আসা রুশ যুগল অ্যাঞ্জেলা নিকোলাউ ও ইভান কুজনেতসভ এবার যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ঝুঁকিতে পড়েছেন। ভবনটির চূড়ায় উঠে শান্তির বার্তা লেখা পতাকা প্রদর্শনের ঘটনায় তাঁদের বিরুদ্ধে চলা মামলায় প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতার উদ্যোগও ভেস্তে গেছে। গত জুলাইয়ে ৩৩ বছর বয়সী অ্যাঞ্জেলা নিকোলাউ ও ৩২ বছর […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে আলোচনায় আসা রুশ যুগল অ্যাঞ্জেলা নিকোলাউ ও ইভান কুজনেতসভ এবার যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ঝুঁকিতে পড়েছেন। ভবনটির চূড়ায় উঠে শান্তির বার্তা লেখা পতাকা প্রদর্শনের ঘটনায় তাঁদের বিরুদ্ধে চলা মামলায় প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতার উদ্যোগও ভেস্তে গেছে।
গত জুলাইয়ে ৩৩ বছর বয়সী অ্যাঞ্জেলা নিকোলাউ ও ৩২ বছর বয়সী ইভান কুজনেতসভ নিউইয়র্কের আকাশচুম্বী এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় ওঠেন। সেখানে তাঁরা একটি পতাকা প্রদর্শন করেন, যাতে লেখা ছিল, ‘ভালোবাসার শক্তি যখন ক্ষমতার ভালোবাসাকে হারায়, তখন বিশ্ব শান্তি চেনে।’ এরপরই কুজনেতসভ নিকোলাউকে বিয়ের প্রস্তাব দেন।
মস্কোর বাসিন্দা এই যুগল প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর প্রক্রিয়ায় ছিলেন। তবে ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের একটি ইমেইলের পর সেই সমঝোতা ভেস্তে যায় বলে জানিয়েছে ফক্স নিউজ।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিউইয়র্কের ফৌজদারি আদালতে শুনানিতে হাজির হন তাঁরা। যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের আশঙ্কায় আদালতে নিকোলাউকে কাঁদতে দেখা যায়।
গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কুজনেতসভ বলেন, তাঁরা কোনো সম্পত্তির ক্ষতি করেননি কিংবা কাউকে বিপদে ফেলার উদ্দেশ্যেও সেখানে ওঠেননি। তাঁদের উদ্দেশ্য ছিল ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়া। নিজেদের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
নিকোলাউ বলেন, তাঁরা শান্তির বার্তা ছড়িয়ে দিতে চেয়েছিলেন। বর্তমান বিশ্বে মানুষের এত কষ্টের মধ্যে এমন একটি পারফরম্যান্স করতে চেয়েছিলেন, যা মানুষের হৃদয়ে জায়গা করে নেবে।
দম্পতির আইনজীবী নোয়াম বিয়ালে জানান, লঘু অপরাধের অভিযোগে দোষ স্বীকারের বিনিময়ে প্রসিকিউটরদের দেওয়া একটি প্রস্তাব তাঁরা গ্রহণ করেছিলেন। এতে তাঁদের অভিবাসনসংক্রান্ত গুরুতর পরিণতি এড়ানোর সুযোগ ছিল। কিন্তু শুনানির আগের রাতে প্রস্তাবটি প্রত্যাহার করা হয়।
আইনজীবীর দাবি, রাশিয়ায় ফেরত পাঠানো হলে কুজনেতসভকে প্রায় নিশ্চিতভাবেই ইউক্রেন যুদ্ধে পাঠানো হতে পারে। অন্যদিকে, নিকোলাউ তাঁর শিল্পীসুলভ প্রকাশের কারণে কারাদণ্ডের মুখে পড়তে পারেন।
অ্যাঞ্জেলা নিকোলাউ ও ইভান কুজনেতসভের সম্পর্ক এবং ঝুঁকিপূর্ণ উঁচু ভবনে আরোহণের শখ নিয়ে ২০২৪ সালে নির্মিত হয় নেটফ্লিক্সের প্রামাণ্যচিত্র ‘স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি’। ওই বছরের জানুয়ারিতে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়।
সূত্র: এনডিটিভি