যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অবস্থানের সময় সর্বোচ্চ চার বছরে সীমাবদ্ধ করার পরিকল্পনা বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। সোমবার (১৬ নভেম্বর) ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফেডারেল জেলা আদালতের বিচারক এফ. ডেনিস সেইলর যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) করা নতুন বিধিটি সম্পূর্ণ বাতিল করেন। এর ফলে এফ-১ শিক্ষার্থী ভিসাধারীদের জন্য দীর্ঘদিন ধরে চালু থাকা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থা বহাল […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অবস্থানের সময় সর্বোচ্চ চার বছরে সীমাবদ্ধ করার পরিকল্পনা বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। সোমবার (১৬ নভেম্বর) ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফেডারেল জেলা আদালতের বিচারক এফ. ডেনিস সেইলর যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) করা নতুন বিধিটি সম্পূর্ণ বাতিল করেন। এর ফলে এফ-১ শিক্ষার্থী ভিসাধারীদের জন্য দীর্ঘদিন ধরে চালু থাকা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থা বহাল থাকছে।
ডিএইচএসের নতুন বিধিতে আন্তর্জাতিক শিক্ষার্থী, বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তি এবং বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা ছিল। এফ-১ ও জে-১ ভিসাধারীদের ক্ষেত্রে সর্বোচ্চ চার বছরের অবস্থানসীমা নির্ধারণ এবং এর বেশি সময় থাকতে হলে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার (ইউএসসিআইএস) কাছে অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করার বাধ্যবাধকতা রাখা হয়েছিল।
আদালতের রায়ে বলা হয়েছে, ডিএইচএস নতুন বিধি তৈরির ক্ষেত্রে এর সম্ভাব্য ব্যয় ও সুবিধা যথাযথভাবে বিবেচনা করেনি। জালিয়াতি ও জাতীয় নিরাপত্তার যুক্তিতে নিয়ম পরিবর্তনের প্রয়োজনীয়তাও যথেষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি সংস্থাটি। বিদ্যমান ব্যবস্থার উন্নয়নের মতো কম জটিল বিকল্প বিবেচনা না করার বিষয়টিও আদালতের সিদ্ধান্তে উঠে এসেছে।
আগের নিয়মে যা থাকছে
নতুন বিধি বাতিল হওয়ায় এফ-১ শিক্ষার্থীদের ক্ষেত্রে আগের ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ বা ডিএস ব্যবস্থা বহাল থাকবে। এ ব্যবস্থায় শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নথি আই-৯৪-এ নির্দিষ্ট চার বছরের শেষ তারিখের পরিবর্তে ‘ডিএস’ উল্লেখ থাকে। এর অর্থ, শিক্ষার্থী অনুমোদিত শিক্ষাক্রমে অগ্রসর হওয়া এবং ভিসার শর্ত মেনে চলা পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারেন।
নতুন বিধি কার্যকর হলে চার বছর পর অবস্থানের মেয়াদ বাড়াতে ইউএসসিআইএসের অনুমোদন নিতে হতো। পাশাপাশি অতিরিক্ত ফি, আবেদন প্রক্রিয়া ও প্রশাসনিক জটিলতা তৈরি হতো। আদালতের রায়ে এসব নতুন বাধ্যবাধকতা আর কার্যকর হচ্ছে না।
আদালতের সিদ্ধান্তে শুধু এফ-১ শিক্ষার্থী ভিসাধারীরাই নন, জে-১ বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং আই-১ শ্রেণির বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও উপকৃত হবেন। তাঁদের নির্ভরশীল পরিবারের সদস্যরাও এই রায়ের আওতায় পড়বেন।
পিএইচডি ও দীর্ঘমেয়াদি গবেষণায় স্বস্তি
নতুন বিধি নিয়ে উদ্বেগ ছিল বিশেষ করে পিএইচডি, যৌথ ডিগ্রি এবং দীর্ঘমেয়াদি গবেষণায় যুক্ত শিক্ষার্থীদের মধ্যে। কারণ, এসব শিক্ষাক্রম শেষ করতে অনেক সময় চার বছরের বেশি সময় প্রয়োজন হয়।
ডিএইচএসের প্রস্তাবিত নিয়মে শিক্ষার্থীদের শিক্ষার স্তর পরিবর্তন, নতুন বিষয়ে পড়াশোনা, শিক্ষাপ্রতিষ্ঠান বদল কিংবা অতিরিক্ত ডিগ্রি অর্জনের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপের সুযোগ রাখা হয়েছিল। আদালত বলেছে, এ ধরনের সীমাবদ্ধতা এফ-১ ভিসার মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ দেওয়া এবং তা উৎসাহিত করাই এ ভিসা ব্যবস্থার উদ্দেশ্য।
শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনগুলোর প্রতিক্রিয়া
আদালতে মামলাটি করেছিল ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার্স (এনএএফএসএ), প্রেসিডেন্টস অ্যালায়েন্স অন হায়ার এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশনসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠনের জোট।
রায়ের পর প্রেসিডেন্টস অ্যালায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মরিয়ম ফেল্ডব্লাম বলেন, এ সিদ্ধান্ত আন্তর্জাতিক শিক্ষার্থী, গবেষক এবং তাঁদের স্বাগত জানানো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ বিজয়। তাঁর মতে, আগের ব্যবস্থা বহাল থাকায় শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বেশি নিশ্চয়তা পাবেন এবং বিশ্ববিদ্যালয়গুলোও তাঁদের একাডেমিক অগ্রগতিতে সহায়তা করতে পারবে।
এনএএফএসএর প্রধান নির্বাহী ফান্তা আও বলেন, দীর্ঘদিনের ডিউরেশন অব স্ট্যাটাস নীতি বহাল রাখার মাধ্যমে আদালত আন্তর্জাতিক শিক্ষার ক্ষেত্রে স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরেছেন।
সরকার আপিল করতে পারবে
আদালতের ১৬ নভেম্বরের আদেশে ডিএইচএসের চূড়ান্ত বিধিটি বাতিল করা হয়েছে। তবে সরকারের আপিল করার সুযোগ রয়েছে। চূড়ান্ত রায় জারির পর ৬০ দিনের মধ্যে সরকার আপিলের নোটিশ দিতে পারে। আপিল হলে পরবর্তী আইনি প্রক্রিয়ায় নিয়মটির ভবিষ্যৎ নিয়ে আবার সিদ্ধান্ত আসতে পারে।
তবে আপাতত আগের ডিউরেশন অব স্ট্যাটাস ব্যবস্থাই কার্যকর। শিক্ষার্থীদের অবশ্যই অনুমোদিত শিক্ষাক্রমে অগ্রসর হওয়া, প্রয়োজনীয় নথি হালনাগাদ রাখা এবং এফ-১ ভিসার অন্যান্য শর্ত মেনে চলতে হবে।
সূত্র: যুক্তরাষ্ট্রের ফেডারেল জেলা আদালতের রায়, এনএএফএসএ ও পারডিউ বিশ্ববিদ্যালয়।