দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নকলের তথ্য ও প্রমাণ দিতে পারলে সর্বোচ্চ ৭৫ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩ লাখ ১৩ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং এ পুরস্কারের ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন। চলতি সপ্তাহে অনুষ্ঠিত কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্টে (সিএসএটি) নকলের ঘটনা প্রমাণ করতে পারলে এ পুরস্কার পাওয়া যাবে। […]
ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নকলের তথ্য ও প্রমাণ দিতে পারলে সর্বোচ্চ ৭৫ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩ লাখ ১৩ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং এ পুরস্কারের ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন। চলতি সপ্তাহে অনুষ্ঠিত কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্টে (সিএসএটি) নকলের ঘটনা প্রমাণ করতে পারলে এ পুরস্কার পাওয়া যাবে।
শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট লি জানান, নকলের ঘটনা জানানোর ক্ষেত্রে পুরস্কারের সংখ্যা নির্দিষ্ট কোনো সীমায় আটকে থাকবে না। কেউ একাধিক নকলের ঘটনা প্রকাশ করতে পারলে প্রতিটি অতিরিক্ত ঘটনার জন্য আরও ১০ কোটি ওন পুরস্কার দেওয়া হতে পারে।
তিনি আরও জানান, যারা নিজেরা পরীক্ষায় নকল করার কথা স্বীকার করে সংশ্লিষ্ট অন্যদের বিষয়ে তথ্য দেবেন, তাঁদের নিজেদের অপরাধের জন্য শাস্তি কমানো হবে। তবে তাঁরা পূর্ণ পুরস্কার পাওয়ার যোগ্য থাকবেন।
লি জে মিয়ং বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নকল করা সরকারি কর্মকর্তাদের দুর্নীতির মতোই গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
প্রেসিডেন্টের ভাষায়, পরীক্ষায় নকলের কারণে কয়েক লাখ পরীক্ষার্থীর সারা জীবনের পরিশ্রম ও প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হয়।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট দেশটির বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় পরীক্ষা। এ পরীক্ষার ফলের ওপর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ অনেকাংশে নির্ভর করে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি