ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ওই নারী নেত্রীকে ওসির বাসায় যেতে বলা, মামলা, দুই লাখ টাকা এবং গ্রেপ্তারের পর বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের কথোপকথন শোনা যায়। ছড়িয়ে পড়া অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর […]
ছবি: সংগৃহীত
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ওই নারী নেত্রীকে ওসির বাসায় যেতে বলা, মামলা, দুই লাখ টাকা এবং গ্রেপ্তারের পর বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের কথোপকথন শোনা যায়।
ছড়িয়ে পড়া অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে দ্রুত তাঁর বাংলোতে যেতে বলেন ওসি ফয়জুল আজিম নোমান। তাঁকে বলতে শোনা যায়, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’
ওসির বাসায় গেলে কোনো সমস্যা হবে কি না, তা জানতে চান ওই নারী নেত্রী। জবাবে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ কথোপকথনের একপর্যায়ে নারী নেত্রী তাঁকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে ওসি মনঃক্ষুণ্ন হন বলেও অডিওতে শোনা যায়।
ফোনালাপের অন্য অংশে নিজের বিরুদ্ধে করা মামলা, কারাবাস, জামিনে দুই লাখ টাকা ব্যয় এবং আর্থিক ক্ষতির কথা তুলে ধরেন ওই নারী নেত্রী। এ ছাড়া তুহিন ও পারভেজ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি। পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া নিয়েও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
অন্যদিকে, ওসি তাঁকে রাজনীতি, স্বার্থ ও অর্থনৈতিক বিষয়গুলোর বাইরে থেকে চিন্তা করে যোগাযোগ রাখার কথা বলেন। কথোপকথনে দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি কাউকে না জানাতে ওসি বলেছেন বলে অভিযোগ করেন নারী নেত্রী। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ওসি।
গ্রেপ্তার ও পরবর্তী অভিযোগ
গত ১০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা-পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁদের কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তাঁর শ্লীলতাহানি করেছেন এবং তাঁকে আলিঙ্গন করার অনুরোধ জানিয়েছেন। এসব অভিযোগের প্রতিকারও দাবি করেন তিনি।
তবে নারী নেত্রীর অভিযোগগুলো অস্বীকার করেছেন ওসি ফয়জুল আজিম নোমান। ফোনালাপে নিজের কণ্ঠ ও কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি দাবি করেন, আসামিকে গ্রেপ্তারে ভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি আদালতের নির্দেশে ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।