রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে একটি জুয়েলার্সের দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। ধানমন্ডি ৬/এ সড়কের আনাম র্যাংস প্লাজায় অবস্থিত ‘পূরবী জুয়েলার্স’ থেকে প্রায় ২ হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার গয়না এবং ১০ থেকে ১২ লাখ টাকা লুট হয়েছে বলে দাবি করেছেন দোকানটির মালিক […]
ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে একটি জুয়েলার্সের দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। ধানমন্ডি ৬/এ সড়কের আনাম র্যাংস প্লাজায় অবস্থিত ‘পূরবী জুয়েলার্স’ থেকে প্রায় ২ হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার গয়না এবং ১০ থেকে ১২ লাখ টাকা লুট হয়েছে বলে দাবি করেছেন দোকানটির মালিক অমিত ঘোষ।
শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। দোকানের মালিক অমিত ঘোষ এ ঘটনায় বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযান চালিয়ে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন সংশ্লিষ্ট নিরাপত্তা কোম্পানির কর্মী। তবে ঘটনার মূল অভিযুক্ত এখনো পলাতক। তাঁকে গ্রেপ্তারে ঢাকাসহ বিভিন্ন স্থানে পুলিশের দুটি দল অভিযান চালাচ্ছে।
পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনার পাঁচ দিন আগে জুয়েলার্স কর্তৃপক্ষ নতুন একজন নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছিল। কিন্তু নিয়োগের সময় তাঁর জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়নি। ওই নিরাপত্তাকর্মী লুটের ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।
দোকান কর্তৃপক্ষের অভিযোগ, লুটের আগে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খেতে দেওয়া হয়েছিল। খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের যোগসাজশ থাকতে পারে বলেও সন্দেহ করছেন তাঁরা।
পূরবী জুয়েলার্সের সিনিয়র সেলস এক্সিকিউটিভ সনজিৎ শীল জানান, রাত ২টার দিকে লুটের ঘটনা ঘটে। এরপর থেকে তিনজন নিরাপত্তাকর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের একজন মার্শাল সিকিউরিটি কোম্পানির মাধ্যমে নিয়োগ পাওয়া জুয়েলার্সের নিজস্ব নিরাপত্তাকর্মী। অন্য দুজন মার্কেটের নিরাপত্তাকর্মী।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া সেখানে আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। ফুটেজে দেখা যায়, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে ঢুকতে সহায়তা করেন। দুর্বৃত্তদের একজন ভেতরে প্রবেশ করেই সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সন্দেহভাজন এক নিরাপত্তাকর্মীর পরিচয়পত্র উদ্ধার করে তদন্তকারীদের কাছে জমা দেওয়া হয়েছে।
এদিকে প্রোপারটি সার্ভিসেস লিমিটেডের নিরাপত্তাকর্মী আব্দুর রহিমকে ভবনের পার্কিং এলাকায় একটি বেঞ্চে অর্ধচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাঁর ভাষ্য অনুযায়ী, দায়িত্ব পালনকালে সালাম নামের এক নিরাপত্তাকর্মী তাঁকে জোড়া কলা খেতে দেন। সুপারভাইজার রিপনও সেই কলা খান। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। পরে কী ঘটেছে, তা তাঁদের মনে নেই।
মার্শাল সিকিউরিটি কোম্পানির আব্দুর রব জানান, সকালে কর্মস্থলে এসে তিনি লুটের খবর পান। ওই কোম্পানির সারোয়ার ও সুপারভাইজার আমিনুলকে পুলিশ নিয়ে গেছে। অন্যদিকে নিজাম সরদার নামে একজন পলাতক রয়েছেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে। চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
ঘটনার পর আনাম র্যাংস প্লাজা ঘিরে রেখেছে পুলিশ। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। সেখান থেকে তালা কাটার ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাই মেশিন, বড় রড কাটার স্ক্রুসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
জুয়েলার্সের আরেক বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ জানান, কয়েক বছর আগেও মিষ্টি খাইয়ে একই কৌশলে চুরির চেষ্টা হয়েছিল। তবে সে সময় মালিক বিষয়টি বুঝতে পারায় দুর্বৃত্তরা সফল হতে পারেনি। এবার দোকান থেকে বিপুল পরিমাণ গয়না লুট করে নিয়ে গেছে তারা।
তথ্যসূত্র: একাত্তর