পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতায় এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। যুক্তরাষ্ট্র পাকিস্তানের বিমানবাহিনীকে (পিএএফ) উন্নতমানের এআইএম-১২০ডি-৩ এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে। এই চুক্তির মাধ্যমে পাকিস্তান আগামী ২০৩০ সালের মধ্যে আধুনিক ও উচ্চক্ষমতা সম্পন্ন মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র পাবে। সরকারি ওয়াশিংটন নথি অনুযায়ী, এই প্রকল্পের মোট মূল্য প্রায় ২.৫ বিলিয়ন মার্কিন ডলার, যা রে-থিয়ন নামক মার্কিন অস্ত্র প্রস্তুতকারক […]
পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতায় এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। যুক্তরাষ্ট্র পাকিস্তানের বিমানবাহিনীকে (পিএএফ) উন্নতমানের এআইএম-১২০ডি-৩ এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে। এই চুক্তির মাধ্যমে পাকিস্তান আগামী ২০৩০ সালের মধ্যে আধুনিক ও উচ্চক্ষমতা সম্পন্ন মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র পাবে।
সরকারি ওয়াশিংটন নথি অনুযায়ী, এই প্রকল্পের মোট মূল্য প্রায় ২.৫ বিলিয়ন মার্কিন ডলার, যা রে-থিয়ন নামক মার্কিন অস্ত্র প্রস্তুতকারক সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হবে। শুধু পাকিস্তানই নয়, তুরস্কসহ আরও কয়েকটি যুক্তরাষ্ট্রের মিত্র দেশ এই উন্নত ক্ষেপণাস্ত্র পাবে বলে মার্কিন যুদ্ধ বিভাগ জানিয়েছে।
এআইএম-১২০ডি-৩ ক্ষেপণাস্ত্রটি ‘এএমআরএএএম’ পরিবারের সর্বাধুনিক সংস্করণ হিসেবে পরিচিত। এটি দীর্ঘ দূরত্ব থেকে শত্রু বিমানের আক্রমণ প্রতিহত করতে সক্ষম এবং আকাশযুদ্ধের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উচ্চতর নির্ভুলতা প্রদান করে।
বিশেষজ্ঞদের মতে, এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান বহরের সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। বর্তমানে পাকিস্তান এআইএম-১২০সি-৫ সংস্করণ ব্যবহার করছে, যা ২০১০ সালে এফ-১৬ ব্লক ৫২ যুদ্ধবিমান কেনার সময় সরবরাহ করা হয়েছিল। এআইএম-১২০ডি-৩ সংস্করণটি তাদের আধুনিকায়নের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা আকাশযুদ্ধের ক্ষেত্রে তাদের প্রতিরক্ষা শক্তিকে বহুগুণে উন্নত করবে।
পাকিস্তান দীর্ঘদিন ধরেই আধুনিক এএমআরএএএম ক্ষেপণাস্ত্র অর্জনের চেষ্টা চালিয়ে আসছিল। জুলাই মাসে বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকীর যুক্তরাষ্ট্র সফরের পর দুই দেশের মধ্যে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা যায়। পরবর্তীতে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও মার্কিন প্রেসিডেন্ট ও সামরিক নেতাদের সঙ্গে বৈঠকে সামরিক সম্পর্কের পুনরুজ্জীবনের সংকেত দিয়েছেন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, পাকিস্তানের সামরিক উন্নয়ন এখন দক্ষতা ও স্বনির্ভরতার ওপর জোর দিচ্ছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য প্রতিযোগিতা নয়, বরং প্রযুক্তিগত সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধি করা। আমরা পূর্ব কিংবা পশ্চিম—সব উৎস থেকে উন্নত প্রযুক্তি গ্রহণে প্রস্তুত।”
তিনি আরও উল্লেখ করেন, “আমাদের সামরিক কৌশল সবসময় কার্যকর ও দক্ষ প্ল্যাটফর্ম এবং দেশীয় প্রযুক্তির ওপর নির্ভরশীল। আমরা নিজেও প্রযুক্তি তৈরি করছি এবং প্রয়োজনীয় প্রযুক্তি বাইরে থেকেও নিচ্ছি।”
এই সমঝোতা পাকিস্তানের সামরিক আধুনিকায়নে একটি বড় ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করবে। একই সঙ্গে, এটি দুই দেশের কূটনৈতিক ও সামরিক সম্পর্কের পুনরুজ্জীবনের একটি গুরুত্বপূর্ণ সংকেত।