পণ্য উৎপাদনে অতিরিক্ত সক্ষমতা বা ‘অতি উৎপাদন’ এবং উৎপাদন প্রক্রিয়ায় জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সামনে আসার পর আন্তর্জাতিক বাণিজ্য অঙ্গনে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইউএসটিআর গত বুধবার জানিয়েছে, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে বাংলাদেশসহ ১৬টি দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। […]
ছবি: সংগৃহীত
পণ্য উৎপাদনে অতিরিক্ত সক্ষমতা বা ‘অতি উৎপাদন’ এবং উৎপাদন প্রক্রিয়ায় জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সামনে আসার পর আন্তর্জাতিক বাণিজ্য অঙ্গনে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইউএসটিআর গত বুধবার জানিয়েছে, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে বাংলাদেশসহ ১৬টি দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। এর একদিন পর বৃহস্পতিবার পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বন্ধে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না—তা যাচাই করতে বাংলাদেশসহ মোট ৬০টি দেশের ওপর নতুন তদন্তের ঘোষণা দেওয়া হয়।
দেশটির বাণিজ্য প্রতিনিধি জ্যামিয়েসন গ্রির বলেছেন, এসব তদন্তে যদি কোনো দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়, তাহলে সেই দেশের পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপ করা হতে পারে। একইভাবে জোরপূর্বক শ্রম ব্যবহার করে তৈরি পণ্য মার্কিন বাজারে প্রবেশ করছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারিতে যে অস্থায়ী শুল্ক আরোপ করেছিলেন, তার মেয়াদ জুলাইয়ে শেষ হওয়ার আগেই এসব তদন্ত শেষ করার পরিকল্পনা রয়েছে।
এই তদন্তের আওতায় বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক বাজারে তৈরি পোশাক খাতে প্রতিদ্বন্দ্বী কয়েকটি দেশও রয়েছে। এর মধ্যে রয়েছে চীন, ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম।
ইউএসটিআর জানিয়েছে, তদন্ত শুরুর পর তালিকাভুক্ত দেশগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সরকারগুলোর কাছে লিখিত মতামত চাওয়া হয়েছে। দেশগুলোকে আগামী ১৭ মার্চের মধ্যে জবাব দিতে হবে। এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে মে মাসের প্রথম সপ্তাহে।
তদন্তে কী খতিয়ে দেখা হবে
পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর আইন, নীতি ও বাস্তব প্রয়োগ কতটা কার্যকর—তা এই তদন্তে যাচাই করা হবে। পাশাপাশি এসব নীতি যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ওপর কোনো প্রতিবন্ধকতা তৈরি করছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারা অনুযায়ী কোনো দেশের নীতি যদি যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য অযৌক্তিক বা বৈষম্যমূলক হয়, তাহলে প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে।
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি বাংলাদেশ সরকার। তবে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এই তদন্তে বাংলাদেশের জন্য বড় কোনো ঝুঁকি দেখছেন না তারা। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তথ্য চাইলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কেন তদন্তের তালিকায় বাংলাদেশ
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের আরোপ করা শুল্ক নীতি মার্কিন সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার পর বিকল্প উপায়ে বাণিজ্যিক চাপ তৈরির কৌশল হিসেবেই এই তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র।
২০২৫ সালের ২ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্পের এক নির্বাহী আদেশে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করা হয়েছিল। তখন বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়, যা পরে আলোচনার মাধ্যমে কমিয়ে ২০ শতাংশ করা হয়।
পরবর্তীতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের মধ্যে ‘এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’ নামে একটি চুক্তি সই হলেও সেটি এখনো কার্যকর হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়–এর আন্তর্জাতিক ব্যবসা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবুল খায়ের বলেন, যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে বেশি পণ্য রপ্তানি হয়, মূলত সেসব দেশকেই তদন্তের আওতায় আনা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে তৈরি পোশাক খাতের বড় রপ্তানিকারক হওয়াই প্রধান কারণ।
তার মতে, যুক্তরাষ্ট্র খতিয়ে দেখবে ভর্তুকি, বিশেষ সুবিধা বা কম শ্রমমূল্যের কারণে উৎপাদন ব্যয় কমিয়ে রাখা হচ্ছে কি না, যা মার্কিন বাজারে প্রতিযোগিতায় প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে অর্থনীতিবিদ ও সিপিডি–র সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, বাজার অর্থনীতিতে উৎপাদন সক্ষমতা বাড়ানো স্বাভাবিক বিষয়। চাহিদা বাড়লে সরবরাহ নিশ্চিত করার জন্য শিল্প খাতে অতিরিক্ত সক্ষমতা রাখা হয়ে থাকে।
তার মতে, যুক্তরাষ্ট্র এসব তদন্তের মাধ্যমে নিজেদের বাণিজ্য নীতি প্রয়োগ করছে এবং আলোচনার মাধ্যমে বাংলাদেশের স্বার্থ রক্ষার প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। দুই দেশের মধ্যে বছরে প্রায় ৮০০ কোটি ডলারের বাণিজ্য হয়, যার মধ্যে বাংলাদেশের রপ্তানি প্রায় ৬০০ কোটি ডলার এবং আমদানি প্রায় ২০০ কোটি ডলার। ফলে বাণিজ্য ভারসাম্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের উল্লেখযোগ্য উদ্বৃত্ত রয়েছে।