অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন ঘিরে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব অভিযোগের মধ্যে ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের বিষয়টিও রয়েছে বলে জানা গেছে। অভিযোগগুলো যাচাই করতে ইতোমধ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন […]
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন ঘিরে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব অভিযোগের মধ্যে ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের বিষয়টিও রয়েছে বলে জানা গেছে।
অভিযোগগুলো যাচাই করতে ইতোমধ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দুদকের মুখপাত্র আকতারুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বদলি বাণিজ্য, নিয়োগ ও পদোন্নতি এবং পছন্দের ব্যক্তিদের পছন্দের জায়গায় পদায়নের অভিযোগ এসেছে।
প্রাথমিক যাচাইয়ে এসব অভিযোগের সত্যতা পাওয়ায় অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
দুদক সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কমিশনে আসে। সে সময় মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অভিযোগে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বর্তমান সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং যুব-১ শাখার উপসচিব মো. মাসুম আহমেদের সঙ্গে মিলে আসিফ মাহমুদ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়েছেন।
এই অভিযোগের ভিত্তিতে চার সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করেছে দুদক।
দুদকের গঠিত চার সদস্যের অনুসন্ধান দলের প্রধান করা হয়েছে উপপরিচালক জাহিদ কালামকে।
বদলি বাণিজ্য, নিয়োগ, পদোন্নতি এবং কর্মকর্তাদের পছন্দ অনুযায়ী পদায়নের অভিযোগের পাশাপাশি কেনাকাটা সিন্ডিকেটের বিষয়টিও অনুসন্ধানের আওতায় রয়েছে।
তবে দুদকের এই অনুসন্ধান এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। অভিযোগের বিস্তারিত যাচাই, সংশ্লিষ্টদের বক্তব্য এবং অন্যান্য নথিপত্র পর্যালোচনার পরই বিষয়গুলো সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে সংস্থাটি।