সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
১২:৫২ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬

ইমেইলে বোমা হামলার হুমকিতে ইতালিতে ৩০০ স্কুল খালি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

বোমা হামলার হুমকি দিয়ে একই ধরনের ইমেইল পাঠানোর পর ইতালিতে অন্তত ৩০০টি স্কুল খালি করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দেশটির শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা এ তথ্য জানিয়েছেন। প্রাথমিকভাবে হুমকিগুলোকে ভুয়া বলে ধারণা করা হলেও আক্রান্ত স্কুলের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি। ইউরোপজুড়ে তথাকথিত ‘হাইব্রিড যুদ্ধ’ নিয়ে উদ্বেগের মধ্যে এ ঘটনা ঘটল। সাম্প্রতিক সময়ে […]

ইমেইলে বোমা হামলার হুমকিতে ইতালিতে ৩০০ স্কুল খালি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বোমা হামলার হুমকি দিয়ে একই ধরনের ইমেইল পাঠানোর পর ইতালিতে অন্তত ৩০০টি স্কুল খালি করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দেশটির শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা এ তথ্য জানিয়েছেন। প্রাথমিকভাবে হুমকিগুলোকে ভুয়া বলে ধারণা করা হলেও আক্রান্ত স্কুলের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি।

ইউরোপজুড়ে তথাকথিত ‘হাইব্রিড যুদ্ধ’ নিয়ে উদ্বেগের মধ্যে এ ঘটনা ঘটল। সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে সুপারমার্কেট, ব্লাড ব্যাংক, বিমান চলাচল এবং টেলিভিশন সম্প্রচারমাধ্যমকে লক্ষ্য করে নাশকতামূলক তৎপরতার খবর পাওয়া গেছে।

ইতালির শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা টেলিভিশন চ্যানেল লা৭-কে বলেন, স্কুলগুলোতে পাঠানো হুমকিগুলো আপাতত ভুয়া বলে মনে হচ্ছে। বিপুলসংখ্যক স্কুলকে একইভাবে লক্ষ্যবস্তু করার বিষয়টি হুমকিগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করে বলেও মন্তব্য করেন তিনি।

রোমের একটি স্কুল মেসেজিং অ্যাপের মাধ্যমে অভিভাবকদের জানায়, দেশজুড়ে বোমা হামলার হুমকির পর সব শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তারা শিক্ষকদের তত্ত্বাবধানে রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের দেখা একটি ইমেইলের অনুলিপিতে বার্তার শেষে ‘মিখাইল আন্দ্রোপভ, ভিলায়াত অব মিসোজিনিস্তানের নেতা’ পরিচয় ব্যবহার করা হয়েছে। গত শুক্রবার আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের কার্যালয়েও একই ধরনের ইমেইলে বোমা হামলার হুমকি পাঠানো হয়েছিল। ওই ঘটনার দায় স্বীকারের ক্ষেত্রেও একই পরিচয় ব্যবহার করা হয়।

রোম পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ইতালির পুলিশ বাহিনী ঘটনাটি তদন্ত করছে।

রাশিয়া ও ইরানের সংশ্লিষ্টতা নিয়ে উদ্বেগ

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনকে সমর্থন দেওয়া ইউরোপীয় দেশগুলোর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে ধারাবাহিক নাশকতামূলক তৎপরতার পেছনে মস্কোর হাত থাকতে পারে বলে সন্দেহ করছেন ইউরোপের কয়েকজন কর্মকর্তা। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে বলেছে, পশ্চিমা বিশ্ব তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এ ধরনের কর্মকাণ্ডে ইরানের সংশ্লিষ্টতা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। গত সপ্তাহে সাইবার হামলায় ফ্রান্সের কয়েক শ সুপারমার্কেটের রেফ্রিজারেটর অচল হয়ে যাওয়ার অভিযোগে মঙ্গলবার ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ফ্রান্স। তবে তেহরান এ অভিযোগকে ‘ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ’ বলে প্রত্যাখ্যান করেছে।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো বুধবারের হুমকিগুলোকে ‘ভীতি ছড়ানো ও আতঙ্ক তৈরির সুস্পষ্ট কৌশল’ হিসেবে উল্লেখ করেছেন। বার্তা সংস্থা আদনক্রোনোসকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এ ধরনের ঘটনার পেছনে সব সময় বিদেশি রাষ্ট্র বা শত্রুভাবাপন্ন গোষ্ঠী জড়িত থাকে না। মনোযোগ আকর্ষণে আগ্রহী ব্যক্তি কিংবা মানসিক ভারসাম্যহীন মানুষও এ ধরনের পরিস্থিতি কাজে লাগিয়ে আতঙ্ক ছড়াতে পারে।

ইতালির স্কুলপ্রধানদের সংগঠনের প্রধান আন্তোনেল্লো জান্নেল্লি বলেন, হুমকির ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্কুলের কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর ভাষায়, হুমকিগুলো ভুয়া হলেও এ ধরনের ঘটনা পুরো শিক্ষাপ্রতিষ্ঠান-সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত করে। তাই এর পরিণতি কোনোভাবেই অবমূল্যায়ন করা যায় না।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ