যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে ওয়াশিংটন ও তেহরান এখন “অনেক কাছাকাছি” অবস্থানে পৌঁছেছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “প্রতিদিন পরিস্থিতি আরও ভালো হচ্ছে।” তবে সম্ভাব্য চুক্তির বিস্তারিত প্রকাশ করতে চাননি তিনি। তার ভাষায়, “আমি তাদের বলার আগে আপনাদের বলতে পারি না।” আলোচনার সঙ্গে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে ওয়াশিংটন ও তেহরান এখন “অনেক কাছাকাছি” অবস্থানে পৌঁছেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “প্রতিদিন পরিস্থিতি আরও ভালো হচ্ছে।” তবে সম্ভাব্য চুক্তির বিস্তারিত প্রকাশ করতে চাননি তিনি। তার ভাষায়, “আমি তাদের বলার আগে আপনাদের বলতে পারি না।”
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে সিবিএস নিউজ জানিয়েছে, সর্বশেষ প্রস্তাবে হরমুজ প্রণালি পুনরায় চালুর একটি প্রক্রিয়া, বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের কিছু সম্পদ অবমুক্ত করা এবং ভবিষ্যৎ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
ট্রাম্প দাবি করেন, সম্ভাব্য এই সমঝোতা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে। তিনি বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টিও “সন্তোষজনকভাবে সামলানো হবে”।
তিনি আরও বলেন, “আমি শুধু এমন চুক্তিতেই স্বাক্ষর করব, যেখানে আমরা আমাদের চাওয়া সবকিছু পাব।”
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প এখনো বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করছেন এবং এ বিষয়ে উপদেষ্টাদের পাশাপাশি সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। শনিবার কয়েকটি উপসাগরীয় দেশের নেতাদের সঙ্গে তার ফোনালাপ হওয়ার কথাও জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।
অন্যদিকে, কোনো চুক্তি না হলে ইরানকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছেন ট্রাম্প। তিনি বলেন, “চুক্তি না হলে এমন পরিস্থিতি তৈরি হবে, যেখানে কোনো দেশই আর কখনো এতটা কঠিন আঘাতের শিকার হয়নি।”
এর আগে এপ্রিলের যুদ্ধবিরতির আগে ট্রাম্প বলেছিলেন, সমঝোতা ব্যর্থ হলে “একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে।”
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে এবং খুব শিগগিরই নতুন ঘোষণা আসতে পারে।
ভারতের নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসে এক অনুষ্ঠানে রুবিও বলেন, “কিছু অগ্রগতি হয়েছে। আজ, আগামীকাল বা দু-এক দিনের মধ্যেই আমরা কিছু বলতে পারি।”