কলকাতার বেকবাগান এলাকায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে শুক্রবার জুমার নামাজের দিনে ব্যাপক বিক্ষোভ করেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য দীপু দাসের মৃত্যুকে কেন্দ্র করে এই কর্মসূচি পালিত হয়। তবে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হিন্দু সংহতি সংঘের চার প্রতিনিধি বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ডেপুটেশন […]
ছবি - সংগৃহীত
কলকাতার বেকবাগান এলাকায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে শুক্রবার জুমার নামাজের দিনে ব্যাপক বিক্ষোভ করেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য দীপু দাসের মৃত্যুকে কেন্দ্র করে এই কর্মসূচি পালিত হয়। তবে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হিন্দু সংহতি সংঘের চার প্রতিনিধি বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ডেপুটেশন জমা দেন। পরে শহরের একটি ধর্নামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের রক্ষায় ভারতের কোটি কোটি হিন্দু ঐক্যবদ্ধ থাকবে।
শুক্রবার বিকেল গড়াতেই শিয়ালদহ স্টেশন দিক থেকে গেরুয়া বসনে সন্ন্যাসীরা তলোয়ার, ত্রিশূল ও লাঠি হাতে মিছিল করে ডেপুটি হাইকমিশনের দিকে অগ্রসর হন। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও ‘হর হর মহাদেব’ স্লোগানে এলাকা মুখর হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও উত্তরপ্রদেশ ও রাজস্থান থেকে বিক্ষোভকারীরা এতে অংশ নেন। অনেকের গলায় ঝুলছিল দীপু দাসের ছবি ও প্রতিবাদী বার্তা।
আগাম সতর্কতার অংশ হিসেবে পুলিশ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে অস্থায়ী লোহার ব্যারিকেড স্থাপন করে এবং অতিরিক্ত নিরাপত্তা জোরদার করে। ডেপুটি হাইকমিশনের ভেতরে প্রবেশের অনুমতি পান শুভেন্দু অধিকারীসহ পাঁচজন প্রতিনিধি। অন্য বিক্ষোভকারীদের কিছুটা দূরে আটকে দেওয়া হয়। এ সময় তারা রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন এবং অস্ত্র প্রদর্শন করে প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীদের একাংশ উগ্র ভাষায় হুমকিও দেন। কেউ কেউ বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার দাবি তোলেন। নাগা সন্ন্যাসীদের কয়েকজন বলেন, প্রয়োজনে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে পারেন।
দিনভর অস্ত্রসহ বিক্ষোভে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়। একই দিনে ভারতের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনাও আলোচনায় আসে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তোলে।
ডেপুটি হাইকমিশন থেকে ফিরে শুভেন্দু অধিকারী বলেন, দীপু দাস হত্যার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।
সূত্র – আমার দেশ