সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৭:১১ পিএম, ৩০ অক্টোবর ২০২৬

কেদারনাথে পূজা দিয়ে বিতর্কে সারা আলি খান, তওবা ও ক্ষমা চাওয়ার পরামর্শ মাওলানার

ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। তাঁর এ কর্মকাণ্ডকে ইসলামি শরিয়তবিরোধী দাবি করে ফতোয়া দিয়েছেন ইসলামি ধর্মীয় নেতা মৌলানা মুফতি শেহাবুদ্দিন রজভি বেরেলভি। একই সঙ্গে অভিনেত্রীকে তওবা করে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। গত ২৫ অক্টোবর কেদারনাথ মন্দিরে যান সারা আলি খান। সেখানে অন্য ভক্তদের সঙ্গে […]

কেদারনাথে পূজা দিয়ে বিতর্কে সারা আলি খান, তওবা ও ক্ষমা চাওয়ার পরামর্শ মাওলানার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। তাঁর এ কর্মকাণ্ডকে ইসলামি শরিয়তবিরোধী দাবি করে ফতোয়া দিয়েছেন ইসলামি ধর্মীয় নেতা মৌলানা মুফতি শেহাবুদ্দিন রজভি বেরেলভি। একই সঙ্গে অভিনেত্রীকে তওবা করে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

গত ২৫ অক্টোবর কেদারনাথ মন্দিরে যান সারা আলি খান। সেখানে অন্য ভক্তদের সঙ্গে সারিতে দাঁড়িয়ে পূজা দেওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। মন্দির দর্শনের সেই ভিডিও প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় একটি ভিডিওবার্তা প্রকাশ করে সারার মন্দিরে পূজা দেওয়ার বিরোধিতা করেন মৌলানা মুফতি শেহাবুদ্দিন রজভি বেরেলভি।

তাঁর দাবি, ইসলামি শরিয়ত অনুযায়ী মুসলিমদের অন্য ধর্মের উপাসনালয়ে গিয়ে পূজা-অর্চনা বা ধর্মীয় আচার পালন করার অনুমতি নেই। নারী-পুরুষ সবার ক্ষেত্রেই এ বিধান প্রযোজ্য বলে মন্তব্য করেন তিনি।

ভিডিওবার্তায় ওই ধর্মীয় নেতা জানান, কয়েকজন মুসলিম যুবক সারা আলি খানের কেদারনাথ মন্দিরে পূজা দেওয়ার বিষয়ে তাঁর কাছে জানতে চেয়েছিলেন। তাঁদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি নিজের অবস্থান তুলে ধরেন।

সারার মন্দিরে গিয়ে পূজা দেওয়া এবং সেখানে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার প্রসঙ্গ উল্লেখ করে মৌলানা বলেন, শরিয়তের দৃষ্টিতে এ কাজ অনুচিত। এ জন্য অভিনেত্রীকে তওবা করে ক্ষমা চাইতে হবে। তা না করলে আল্লাহর কাছে তিনি অপরাধী হিসেবে বিবেচিত হবেন বলেও দাবি করেন তিনি।

কেদারনাথের সঙ্গে সারার পুরোনো সম্পর্ক

কেদারনাথ মন্দিরে সারা আলি খানের যাতায়াত এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার সেখানে গিয়েছেন অভিনেত্রী। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্দির ও এলাকাটির প্রতি নিজের আবেগের কথাও তুলে ধরেছেন তিনি।

২০১৭ সালে ‘কেদারনাথ’ সিনেমার শুটিংয়ের সময় বেশ কিছুদিন ওই এলাকায় ছিলেন সারা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, কেদারনাথ তাঁকে ব্ল্যাক কফি পান, পাহাড়ে ট্রেকিং এবং পাহাড়ি খাবারের প্রতি ভালোবাসার মতো নানা অভ্যাস ও আগ্রহের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে।

অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ সিনেমাটি মুক্তি পায় ২০১৮ সালে। এতে সারা আলি খানের বিপরীতে অভিনয় করেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ