ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গে গরু জবাই ও বেচাকেনা ঘিরে নতুন বিধিনিষেধ জারির পর রাজ্যজুড়ে তীব্র বিতর্ক ও উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পর নেওয়া এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় অস্থিরতা ছড়িয়ে পড়েছে। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, ১৪ বছরের কম বয়সী কোনো গবাদিপশু জবাই করা যাবে না। এছাড়া গবাদিপশু জবাইয়ের আগে […]
ছবি: সংগৃহীত
ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গে গরু জবাই ও বেচাকেনা ঘিরে নতুন বিধিনিষেধ জারির পর রাজ্যজুড়ে তীব্র বিতর্ক ও উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পর নেওয়া এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় অস্থিরতা ছড়িয়ে পড়েছে।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, ১৪ বছরের কম বয়সী কোনো গবাদিপশু জবাই করা যাবে না। এছাড়া গবাদিপশু জবাইয়ের আগে স্থানীয় প্রশাসন বা প্রাণিসম্পদ দপ্তরের লিখিত অনুমতি নিতে হবে। নতুন এই নিয়ম কার্যকরের পর থেকেই গরু বেচাকেনা প্রায় স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
কলকাতাসহ বিভিন্ন এলাকায় গরুর মাংসের সংকটও দেখা দিয়েছে। অনেক রেস্তোরাঁয় গরুর মাংস বা এ ধরনের খাবার পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিজেপির কয়েকজন নবনির্বাচিত বিধায়ক সরাসরি রাস্তায় নেমেছেন বলেও অভিযোগ উঠেছে। বিভিন্ন এলাকায় গবাদিপশুবাহী গাড়ি থামিয়ে পশুর বয়সসংক্রান্ত নথি যাচাই করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ এলাকায় এক বিজেপি বিধায়ক গবাদিপশুবাহী একটি গাড়ি আটকে গরুর ‘জন্মসনদ’ দেখতে চান বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তার দাবি ছিল, সরকার ১৪ বছরের কম বয়সী গরু জবাই নিষিদ্ধ করেছে, তাই বয়সের প্রমাণ দেখানো ছাড়া পশু নিয়ে যাওয়া যাবে না।
এ ঘটনায় রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা কুনাল ঘোষ কটাক্ষ করে বলেন, বিজেপি-শাসিত কোনো রাজ্যে গরুর জন্মসনদের উদাহরণ দেখানো হলে সেটি রেফারেন্স হিসেবে কাজে লাগতে পারে।
নতুন এই বিধিনিষেধের কারণে শুধু মুসলিম সম্প্রদায় নয়, ক্ষতির মুখে পড়েছেন হিন্দু খামারি ও গবাদিপশু ব্যবসায়ীরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবসায়ী জানিয়েছেন, কোরবানির মৌসুমে গরু বিক্রিই তাদের বছরের বড় আয়ের উৎস। হঠাৎ কড়াকড়িতে তাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোতে এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ ও বিভ্রান্তি বাড়ছে বলেও জানা গেছে। অনেকের আশঙ্কা, ঈদুল আজহার আগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।