ত্বকের গুরুতর ক্যানসার মেলানোমার চিকিৎসায় পরীক্ষামূলক একটি টিকা আশাব্যঞ্জক ফল দেখিয়েছে। বড় পরিসরের ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, অস্ত্রোপচারের পর প্রচলিত ইমিউনোথেরাপির সঙ্গে এই টিকা প্রয়োগ করলে ক্যানসার ফিরে আসা বা রোগীর মৃত্যুর সম্মিলিত ঝুঁকি ৪২ শতাংশ কমেছে। শুক্রবার (২৩ অক্টোবর) অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডটকম ডটএইউর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। টিকাটি তৈরি করেছে ওষুধ […]
ছবি: সংগৃহীত
ত্বকের গুরুতর ক্যানসার মেলানোমার চিকিৎসায় পরীক্ষামূলক একটি টিকা আশাব্যঞ্জক ফল দেখিয়েছে। বড় পরিসরের ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, অস্ত্রোপচারের পর প্রচলিত ইমিউনোথেরাপির সঙ্গে এই টিকা প্রয়োগ করলে ক্যানসার ফিরে আসা বা রোগীর মৃত্যুর সম্মিলিত ঝুঁকি ৪২ শতাংশ কমেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডটকম ডটএইউর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। টিকাটি তৈরি করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না ও মার্ক। এটি সাধারণ প্রতিরোধমূলক টিকা নয়; বরং ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসার অংশ হিসেবে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।
গবেষণায় ১ হাজার ১৩৭ জন উচ্চ ঝুঁকির মেলানোমা রোগী অংশ নেন। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁদের টিউমার অপসারণের পর একদল রোগীকে প্রচলিত ইমিউনোথেরাপির ওষুধ পেমব্রোলিজুমাবের সঙ্গে পরীক্ষামূলক টিকা দেওয়া হয়। অন্য দলকে শুধু পেমব্রোলিজুমাবের সঙ্গে প্লাসিবো দেওয়া হয়।
প্রায় দুই বছরের পর্যবেক্ষণে দেখা যায়, টিকা ও ইমিউনোথেরাপি নেওয়া রোগীদের ৮২ দশমিক ২ শতাংশের ক্যানসার ফিরে আসেনি। অন্যদিকে শুধু ইমিউনোথেরাপি নেওয়া দলের ক্ষেত্রে এ হার ছিল ৭০ শতাংশ। গবেষকদের হিসাবে, সমন্বিত চিকিৎসায় ক্যানসার ফিরে আসা বা মৃত্যুর সম্মিলিত ঝুঁকি ৪২ শতাংশ কমেছে।
রোগীর টিউমার অনুযায়ী তৈরি হয় টিকা
টিকাটির নাম ইনটিসমেরান অটোজিন (Intismeran autogene)। এটি এমআরএনএ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। প্রতিটি রোগীর টিউমারের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে ব্যক্তিভিত্তিকভাবে টিকাটি প্রস্তুত করা হয়।
টিকাটি রোগীর রোগ প্রতিরোধব্যবস্থাকে ক্যানসার কোষের নির্দিষ্ট বৈশিষ্ট্য শনাক্ত করতে প্রশিক্ষিত করতে সাহায্য করে। এর লক্ষ্য হলো, অস্ত্রোপচারের পর শরীরে থেকে যাওয়া ক্যানসার কোষ শনাক্ত ও ধ্বংস করার ক্ষমতা বাড়ানো এবং রোগটির পুনরাবৃত্তির ঝুঁকি কমানো।
গবেষণায় আরও দেখা গেছে, টিকা ও ইমিউনোথেরাপির সমন্বয়ে ক্যানসার শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়া বা এ কারণে মৃত্যুর সম্মিলিত ঝুঁকি ৩৮ শতাংশ কমেছে।
অন্যান্য ক্যানসারের চিকিৎসায়ও সম্ভাবনা
গবেষণার ফল মেলানোমার চিকিৎসায় ব্যক্তিভিত্তিক ক্যানসার টিকার সম্ভাবনা বাড়িয়েছে। তবে দীর্ঘমেয়াদে রোগীদের বেঁচে থাকার ওপর এর প্রভাব সম্পর্কে নিশ্চিত হতে আরও পর্যবেক্ষণ প্রয়োজন।
টিকাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সাধারণ চিকিৎসায় ব্যবহারের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে। গবেষকেরা আশা করছেন, এই প্রযুক্তি ভবিষ্যতে অন্যান্য ক্যানসারের চিকিৎসা নিয়েও নতুন গবেষণার পথ খুলে দিতে পারে। তবে মেলানোমার বাইরে অন্য ক্যানসারে এর কার্যকারিতা নিশ্চিত করতে পৃথক ক্লিনিক্যাল পরীক্ষা প্রয়োজন।
সূত্র: নিউজ ডটকম ডটএইউ, মডার্না ও মার্কের গবেষণাসংক্রান্ত তথ্য।