সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৫:০৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬

খুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের সিদ্ধান্ত, ২০ মিনিট পর গুলিতে বিএনপি নেতা নিহত

খুলনায় সন্ত্রাস দমনে কঠোর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই গুলিতে নিহত হয়েছেন বিএনপির এক নেতা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে জেলার রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামের একটি দোকানে বসে থাকা অবস্থায় মো. জাকির হোসেন (৪৩) নামের ওই নেতাকে গুলি করে […]

খুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের সিদ্ধান্ত, ২০ মিনিট পর গুলিতে বিএনপি নেতা নিহত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

খুলনায় সন্ত্রাস দমনে কঠোর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই গুলিতে নিহত হয়েছেন বিএনপির এক নেতা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে জেলার রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামের একটি দোকানে বসে থাকা অবস্থায় মো. জাকির হোসেন (৪৩) নামের ওই নেতাকে গুলি করে হত্যা করে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরকের দোকানে কয়েকজনের সঙ্গে বসে কথা বলছিলেন জাকির হোসেন। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁর মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জাকিরের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিক শুভ্র জানান, নিহত জাকির হোসেন ইট-বালুর ব্যবসা করতেন। তিনি রূপসা থানার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। ওই ইউনিয়নের বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন তিনি। পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ তাঁর বড় ভাই।

পুলিশ কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ও তদন্তমূলক কার্যক্রম চলছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুম খান বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশের একাধিক দল কাজ করছে।

আইনশৃঙ্খলা কমিটির সভায় কঠোর অভিযানের সিদ্ধান্ত

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ১২ নভেম্বর সন্ধ্যার পর খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। রাত ৮টার দিকে সভা শেষ হয়। সেখানে যেকোনো মূল্যে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজনে সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার বিষয়েও আলোচনা হয়।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার পর আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির বৈঠক বসে। রাত ১০টার দিকে ওই বৈঠক শেষ হয়। সেখানেও অবনতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। এর প্রায় ২০ মিনিট পরই রূপসায় গুলিতে বিএনপি নেতা জাকির হোসেন নিহত হন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, খুলনায় এ নিয়ে মোট ৭৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে খুলনা জেলায় ৪০টি এবং মহানগর এলাকায় ৩৮টি।

সূত্র: বাংলাট্রিবিউন

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ