সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:১০ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় ৮৬ গাড়ির সংঘর্ষ, প্রাণ গেল ১২ জনের

বুলগেরিয়ার পূর্বাঞ্চলে ঘন কুয়াশার কারণে মহাসড়কে দুটি ভয়াবহ সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৬ জন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানী সোফিয়ার সঙ্গে কৃষ্ণসাগর উপকূলের বন্দরনগরী বুর্গাসকে সংযোগকারী ত্রাকিয়া মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৮৬টি গাড়ি ও ভারী ট্রাক জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর মহাসড়কটির উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া […]

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় ৮৬ গাড়ির সংঘর্ষ, প্রাণ গেল ১২ জনের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বুলগেরিয়ার পূর্বাঞ্চলে ঘন কুয়াশার কারণে মহাসড়কে দুটি ভয়াবহ সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৬ জন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানী সোফিয়ার সঙ্গে কৃষ্ণসাগর উপকূলের বন্দরনগরী বুর্গাসকে সংযোগকারী ত্রাকিয়া মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৮৬টি গাড়ি ও ভারী ট্রাক জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর মহাসড়কটির উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী কাতিয়া ইভকোভা জানান, দুর্ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুজন। আহত ৪৬ জনকে বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

স্থানীয় সময় সকাল ৭টার দিকে ইয়ামবোল অঞ্চলের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুটি সংঘর্ষের মধ্যে একটি ঘটে বুর্গাসগামী লেনে, অন্যটি বিপরীত দিকের সোফিয়াগামী লেনে। বুলগেরিয়ার কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বুর্গাসগামী অংশে ৬৩টি এবং সোফিয়াগামী অংশে ২৩টি যানবাহন সংঘর্ষে জড়ায়।

প্রাথমিক তদন্তে দুর্ঘটনার পেছনে ঘন কুয়াশা, পিচ্ছিল সড়ক এবং আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য না রেখে গাড়ি চালানোর বিষয়গুলো সামনে এসেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মহাসচিব লুবোমির নিকোলভ জানান, প্রথম দুর্ঘটনাটি ঘটে একটি ট্রাকের কারণে। ট্রাকটি একটি যাত্রীবাহী বাসের চলাচলের পথ আটকে দিলে পেছনের যানবাহনগুলো একের পর এক ধাক্কা খায়। পরে বিপরীত দিকের লেনেও সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে আঞ্চলিক গভর্নর মিহাইল কাশেরোভ বলেন, এমন হৃদয়বিদারক দৃশ্য তিনি আগে কখনো দেখেননি। উদ্ধারকাজে পুলিশ, দমকল বাহিনী ও চিকিৎসাকর্মীরা অংশ নেন। দুর্ঘটনার কারণে মহাসড়কটি দুই দিকেই বন্ধ রাখা হয়।

এদিকে দুর্ঘটনার প্রভাব পড়েছে দেশটির শীর্ষ পর্যায়ের সরকারি কর্মসূচিতেও। বুলগেরিয়া সফরে থাকা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী রুমেন রাদেভ পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে দুর্ঘটনাস্থলে যান।

অন্যদিকে, দেশটির প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা প্যারিস শান্তি ফোরামে অংশগ্রহণ সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), বুলগেরিয়ান ন্যাশনাল রেডিও

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ