যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলায় বড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত মামলাটি খারিজের আবেদন নাকচ করায় এর বিচারপ্রক্রিয়া এগিয়ে যাবে। তবে বিবিসির বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যচর্চার অভিযোগটি খারিজ করেছেন আদালত। খবর রয়টার্সের। স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) ফ্লোরিডার ফেডারেল আদালতের বিচারক জেফরি কুন্টজ এ আদেশ […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলায় বড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত মামলাটি খারিজের আবেদন নাকচ করায় এর বিচারপ্রক্রিয়া এগিয়ে যাবে। তবে বিবিসির বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যচর্চার অভিযোগটি খারিজ করেছেন আদালত। খবর রয়টার্সের।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) ফ্লোরিডার ফেডারেল আদালতের বিচারক জেফরি কুন্টজ এ আদেশ দেন। বিচারকের মতে, বিবিসির সম্পাদিত একটি ভিডিও ট্রাম্পের সুনাম ক্ষুণ্ন করেছে এবং ভিডিওটি বিভ্রান্তিকর—এ বিষয়ে সম্প্রচারমাধ্যমটি জানত বা জানা উচিত ছিল বলে ট্রাম্প যে অভিযোগ করেছেন, তা মামলা চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট।
তবে আদালতের এই সিদ্ধান্তের অর্থ এই নয় যে বিবিসি মানহানি করেছে। ট্রাম্পের অভিযোগের সত্যতা এবং এ ঘটনায় বিবিসি আইনগতভাবে দায়ী কি না, তা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার আগে দেওয়া ট্রাম্পের একটি ভাষণের সম্পাদিত ভিডিও প্রচার করেছিল বিবিসি। ভিডিওতে তাঁর ভাষণের দুটি আলাদা অংশ জুড়ে দেওয়া হয়। এক অংশে ট্রাম্প সমর্থকদের ক্যাপিটলের দিকে মিছিল করে যাওয়ার আহ্বান জানান। অন্য অংশে তিনি বলেন, ‘প্রাণপণ লড়াই করো’। তবে ভাষণের যে অংশে তিনি শান্তিপূর্ণ বিক্ষোভের কথা বলেছিলেন, সেটি ভিডিও থেকে বাদ দেওয়া হয়।
ট্রাম্পের অভিযোগ, এভাবে বক্তব্য সম্পাদনা করে তাঁকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন তিনি সমর্থকদের ক্যাপিটলে হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। এ ঘটনায় গত ডিসেম্বরে ফ্লোরিডার ফেডারেল আদালতে বিবিসির বিরুদ্ধে অন্তত ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন তিনি।
আদালতের আদেশকে নিজের জন্য ‘বড় বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমেরিকান জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে—এমন সবার বিরুদ্ধে তাঁরা লড়াই চালিয়ে যাবেন এবং তাদের পরাজিত করবেন।
অন্যদিকে বিবিসির এক মুখপাত্র জানিয়েছেন, আদালতের সিদ্ধান্তে তারা বিস্মিত হলেও আদালতের কর্তৃত্বের প্রতি শ্রদ্ধাশীল। একই সঙ্গে নিজেদের অবস্থান নিয়েও আত্মবিশ্বাসী বিবিসি।
এর আগে ভিডিও সম্পাদনার ক্ষেত্রে বিভ্রান্তিকর উপস্থাপন করা হয়েছিল বলে স্বীকার করেছিল বিবিসি। এ জন্য ট্রাম্পের কাছে ক্ষমাও চেয়েছিল সম্প্রচারমাধ্যমটি। তবে মানহানির দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে তারা।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠানে ওই সম্পাদিত ভিডিওটি প্রচার করা হয়েছিল। নির্বাচনে জয়ী হন ট্রাম্প। পরে বিবিসির একটি ফাঁস হওয়া অভ্যন্তরীণ স্মারকে ভিডিও সম্পাদনার বিষয়টিকে সম্ভাব্য রাজনৈতিক পক্ষপাতের প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়। এ ঘটনায় সম্প্রচারমাধ্যমটির মধ্যে বড় ধরনের জনসংযোগ সংকট তৈরি হয় এবং শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেন।
মামলাটি আদালতে এগিয়ে যাওয়ায় এখন বিবিসিকে ভিডিও সম্পাদনা, সম্পাদকীয় সিদ্ধান্ত এবং মানহানির অভিযোগ নিয়ে আইনি লড়াই চালাতে হবে। চূড়ান্ত রায়েই নির্ধারিত হবে, এ ঘটনায় সম্প্রচারমাধ্যমটি আইনগতভাবে দায়ী কি না।