ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার সমালোচনামূলক ও ব্যঙ্গাত্মক অনলাইন রাজনৈতিক আন্দোলন ‘তেলাপোকা জনতা পার্টি’ বা সিজেপির ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক শনিবার এ অভিযোগ করেন। বস্টন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অভিজিৎ দীপক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, সরকার তাদের “আইকনিক” ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে। চলতি মাসের শুরুতে ভারতের প্রধান […]
ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার সমালোচনামূলক ও ব্যঙ্গাত্মক অনলাইন রাজনৈতিক আন্দোলন ‘তেলাপোকা জনতা পার্টি’ বা সিজেপির ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক শনিবার এ অভিযোগ করেন।
বস্টন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অভিজিৎ দীপক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, সরকার তাদের “আইকনিক” ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে। চলতি মাসের শুরুতে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি বিতর্কিত মন্তব্যের জবাবে তিনি ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো চালু করেছিলেন।
প্রধান বিচারপতি সূর্যকান্তের ওই মন্তব্য ঘিরে সমালোচনা তৈরি হলে পরে তিনি বিষয়টি স্পষ্ট করে জানান, তার মন্তব্য জাল ডিগ্রি অর্জনকারীদের উদ্দেশে ছিল। তিনি দেশের তরুণদের “উন্নত ভারতের স্তম্ভ” বলেও উল্লেখ করেন।
অভিজিৎ দীপক আরও জানান, তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাশাপাশি সিজেপির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এক সপ্তাহ আগে চালু হওয়ার পর সিজেপির ইনস্টাগ্রাম পেজে অনুসারীর সংখ্যা ২ কোটি ২০ লাখের বেশি ছাড়িয়ে যায়। এর বিপরীতে বিজেপির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারী প্রায় ৯০ লাখ।
দীপক বলেন, গত সপ্তাহে ১০ লাখ মানুষ এই আন্দোলনে যোগদানের জন্য সাইন আপ করেছিলেন। সিজেপি ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রচার চালাচ্ছে। তার দাবি, এ দাবির পক্ষে ছয় লাখ মানুষ স্বাক্ষর করেছেন।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সরকারি মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল হওয়ার পর থেকেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে ভারতে বিক্ষোভ বাড়ছে।
চলতি সপ্তাহের শুরুতে আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎ দীপক আন্দোলনের পেছনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, “ক্ষমতাসীনেরা নাগরিকদের তেলাপোকা ও পরজীবী মনে করে। তাদের জানা উচিত, তেলাপোকা পচা জায়গায় বংশবৃদ্ধি করে। আজকের ভারত ঠিক এমনই।”