চাঁদাবাজদের নিয়ন্ত্রণে এনে আইনের আওতায় আনতে রাজধানী ঢাকাসহ দেশের ৬৪টি জেলায় একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে পুলিশ। ওই তালিকায় মোট ৩ হাজার ৮৪৯ জন চাঁদাবাজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর এলাকাতেই রয়েছে ১ হাজার ২৫৪ জন, আর অবশিষ্টরা দেশের বিভিন্ন জেলায় সক্রিয় রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, এসব চক্র দীর্ঘদিন ধরে সড়ক, হাটবাজার, […]
ছবি: সংগৃহীত
চাঁদাবাজদের নিয়ন্ত্রণে এনে আইনের আওতায় আনতে রাজধানী ঢাকাসহ দেশের ৬৪টি জেলায় একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে পুলিশ। ওই তালিকায় মোট ৩ হাজার ৮৪৯ জন চাঁদাবাজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর এলাকাতেই রয়েছে ১ হাজার ২৫৪ জন, আর অবশিষ্টরা দেশের বিভিন্ন জেলায় সক্রিয় রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, এসব চক্র দীর্ঘদিন ধরে সড়ক, হাটবাজার, বালুমহাল, বাস-টেম্পো স্ট্যান্ড, নৌঘাট, মাছের বাজার, ভ্রাম্যমাণ কাঁচাবাজার, সরকারি লিজকৃত জমিতে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান, পাইকারি আড়ৎ এবং বিভিন্ন নির্মাণ প্রকল্প থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। কোনো ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, তালা ঝুলিয়ে দেওয়া বা নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটানো হয়।
তালিকায় থাকা ব্যক্তিদের প্রায় ৯০ শতাংশই কোনো না কোনোভাবে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত—এমন অভিযোগ পাওয়া গেছে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা নিজেদের পরিচয় বদলে ফেলে এবং নতুন ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় পুনরায় সক্রিয় হয়ে চাঁদাবাজি শুরু করে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, চাঁদাবাজদের মাধ্যমে আদায়কৃত অর্থের একটি অংশ কিছু অসাধু রাজনৈতিক নেতা এবং দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যদের কাছেও পৌঁছে থাকে। এ কারণেই দীর্ঘদিন ধরে এই চক্রগুলো প্রভাবশালী অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসব বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা চাঁদাবাজদের চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত ৪ মার্চ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকেও স্বরাষ্ট্রমন্ত্রী ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেন। ওই নির্দেশনার পর মাঠপর্যায়ে তালিকা তৈরির কাজ আরও জোরদার করা হয়। পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী ও দাগী আসামিদের একটি পৃথক স্বচ্ছ তালিকাও প্রস্তুত করা হচ্ছে।
আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের তালিকা তৈরির কাজ এখনও চলমান। একইভাবে নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম রেঞ্জের এক পুলিশ সুপার জানিয়েছেন, তালিকা প্রায় সম্পন্ন এবং পুরোনো চাঁদাবাজদের অবস্থান সম্পর্কেও খোঁজ নেওয়া হচ্ছে। তালিকাভুক্তদের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টিও যাচাই করা হচ্ছে।
দেশের ৩ হাজার ৮৪৯ জন চাঁদাবাজের মধ্যে ঢাকা মহানগর এলাকায় রয়েছে ১ হাজার ২৫৪ জন এবং বাকি ২ হাজার ৫৯৫ জন রয়েছে দেশের ৬৪ জেলায়। জেলা ভিত্তিক তালিকায় গাজীপুরে ৩৪ জন, ঢাকায় ১৫৪, মানিকগঞ্জে ৩০, নরসিংদীতে ৪০, রাজবাড়ীতে ৪৫, ফরিদপুরে ৩৫, গোপালগঞ্জে ২০, কিশোরগঞ্জে ২৪, মাদারীপুরে ৩৪, মুন্সীগঞ্জে ১৮, নারায়ণগঞ্জে ৫০, শরীয়তপুরে ২৩, টাঙ্গাইলে ৩০, কুষ্টিয়ায় ২৪, মাগুরায় ২৩, মেহেরপুরে ১৭, নড়াইলে ৩৫, সাতক্ষীরায় ৩৮, বাগেরহাটে ৫৫, চুয়াডাঙ্গায় ৪৫, যশোরে ৬৫, ঝিনাইদহে ২২, খুলনায় ৩৬, ব্রাহ্মণবাড়িয়ায় ২৮, চাঁদপুরে ৪৭, চট্টগ্রামে ৬৭, কুমিল্লায় ২৬, কক্সবাজারে ৮৮, ফেনীতে ৪৩, লক্ষ্মীপুরে ২৯, নোয়াখালীতে ৩৪, নাটোরে ১২, চাঁপাইনবাবগঞ্জে ৩৫, পাবনায় ৫৭, রাজশাহীতে ১৪, সিরাজগঞ্জে ১৮, বগুড়ায় ১৩, জয়পুরহাটে ১৮, নওগাঁয় ৫৪, সুনামগঞ্জে ১২, সিলেটে ৩৫, হবিগঞ্জে ৩৪ এবং মৌলভীবাজারে ৪৫ জনের নাম রয়েছে।
এছাড়া পঞ্চগড়ে ৪৩ জন, রংপুরে ২২, ঠাকুরগাঁওয়ে ১৭, জামালপুরে ৬৭, ময়মনসিংহে ৩৪, নেত্রকোনায় ৩২, শেরপুরে ২৩, দিনাজপুরে ৩৫, গাইবান্ধায় ৩৮, কুড়িগ্রামে ৩৩, লালমনিরহাটে ২২, নীলফামারীতে ৩৬, ঝালকাঠিতে ৬১, বরগুনায় ৪২, বরিশালে ৩৯, ভোলায় ৭৩, পটুয়াখালীতে ৮৮ এবং পিরোজপুরে ৩৮ জনের নাম তালিকাভুক্ত হয়েছে। তিন পার্বত্য জেলায় মোট ২৪৬ জন চাঁদাবাজ রয়েছে—এর মধ্যে রাঙামাটিতে ৯২ জন, খাগড়াছড়িতে ৮৮ জন এবং বান্দরবনে ৬৬ জন।
ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, রাজধানীকে আটটি ক্রাইম জোনে ভাগ করে ১ হাজার ২৫৪ জন চাঁদাবাজের তথ্যভিত্তিক তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী হাতিরঝিলে ২০ জন, তেজগাঁও শিল্পাঞ্চলে ৪৪, তেজগাঁওয়ে ১০৫, শেরে বাংলা নগরে ১৩, মোহাম্মদপুরে ২২, আদাবরে ৪, মিরপুরে ২৩, তুরাগে ১২, উত্তরা পশ্চিমে ১৩, উত্তরা পূর্বে ১৪, উত্তরখানে ১৭, দক্ষিণখানে ১২, বিমানবন্দরে ২৩, গুলশানে ১৪, খিলক্ষেতে ১৫, ভাটারায় ৬, বাড্ডায় ৪, বনানীতে ১৫, ভাষানটেকে ৫, কাফরুলে ৪, মিরপুর এলাকায় ১২২, পল্লবীতে ৩৩, দারুস সালামে ৬, শাহ আলীতে ১৬, রূপনগরে ১২, শাহবাগে ১৪, কলাবাগানে ৮, নিউমার্কেটে ৩৩, ধানমন্ডিতে ১২, রমনায় ১৪, হাজারীবাগে ৫৪, মতিঝিলে ৩৪, পল্টনে ৩৭, শাহজাহানপুরে ২২, সবুজবাগে ২৪, মুগদায় ১৩, খিলগাঁওয়ে ২৩, রামপুরায় ২৩, কদমতলীতে ২৩, ডেমরায় ১২, যাত্রাবাড়ীতে ৩৪, লালবাগে ৪৫, গেন্ডারিয়ায় ৬, শ্যামপুরে ৫৫, কোতোয়ালীতে ৩৩, সূত্রাপুরে ২৩, বংশালে ৩৪, চকবাজারে ৪৪ এবং কামরাঙ্গীরচরে ২৩ জনের নাম রয়েছে।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে এবং পুলিশের তথ্যে দেখা গেছে, চাঁদাবাজরা নিজেদের ক্ষমতাসীন দল বা তাদের অঙ্গসংগঠনের কর্মী পরিচয়ে চাঁদা আদায় করছে। তেজগাঁও শিল্পাঞ্চলে রহিম, সবুজ, আলী ও শরিফ নামে কয়েকজন নিয়মিত চাঁদা তোলে। কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজির মাত্রা সবচেয়ে বেশি, যেখানে তেজগাঁও থানার তালিকাভুক্ত ১০৫ জনের মধ্যে ৪৫ জনই সক্রিয়। এদের মধ্যে লাল মিয়া, সোহেল, আবির ও সুমনের নাম উল্লেখযোগ্য। কিছু অসাধু পুলিশ সদস্যের বিরুদ্ধেও সবজির ট্রাক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে।
এছাড়া খিলগাঁও মাছবাজারে রহমান ও আজাদ নামে দুজন চাঁদা তোলে, যারা নিজেদের স্থানীয় যুবদলের নেতা বলে পরিচয় দেয়। বসিলার কাঁচাবাজারে জামিল ও আহাদ নামের দুজন সক্রিয়। সদরঘাট এলাকায় ‘হামিদ গ্রুপ’ নামে ২৪ সদস্যের একটি চক্র রয়েছে, যারা চাঁদাবাজিতে জড়িত। যাত্রাবাড়ীর মাছবাজারেও খালেক মণ্ডল ও তার সহযোগীরা চাঁদা আদায় করে থাকে।
পুলিশ জানিয়েছে, খুব শিগগিরই এই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।
বিশেষ প্রতিবেদন : আমার দেশ স্পেশাল